২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভূমধ্যসাগরে নৌকা উল্টে ৭ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু

ভূমধ্যসাগরে অভিবাসনপ্রত্যাশীদের একটি নৌকা উল্টে ৭ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ইতালির একটি বার্তা সংস্থা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2021, 03:43 PM

Updated : 07 Apr 2022, 11:18 PM

বুধবার ইতালির দ্বীপ লাম্পেদুসা থেকে ৮ কিলোমিটার দূরে নৌকাটি উল্টে যায়।

নৌকাটির ৪৬ জনকে জীবিত উদ্ধার করে ভূমধ্যসাগরীয় দ্বীপটিতে নিয়ে যাওয়া হলেও ৯ আরোহী এখনও নিখোঁজ বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

সাম্প্রতিক বছরগুলোতে আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের লাখ লাখ মানুষকে সংঘাত ও দারিদ্র্য থেকে বাঁচতে দেশ ছেড়ে ইউরোপের বিভিন্ন দেশে আশ্রয় নিতে ভূমধ্যসাগরের বিপজ্জনক পথ পাড়ি দিতে দেখা যাচ্ছে।

অভিবাসনপ্রত্যাশীদের ইউরোপে ঢোকার অন্যতম প্রধান পথ ইতালিতে মাঝে এই আগমনের সংখ্যা কিছুটা কমলেও, এ বছর আবার তা বাড়তে শুরু করেছে।

ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত ইতালিতে প্রায় ১৯ হাজার ৮০০ অভিবাসনপ্রত্যাশী পৌঁছেছে; গত বছর একই সময়ে এই সংখ্যা ছিল ৬ হাজার ৭০০-র সামান্য বেশি।

মঙ্গলবার রাতে চারটি নৌকায় করে আরও প্রায় ৩০০ অভিবাসনপ্রত্যাশী লাম্পেদুসা দ্বীপে নেমেছে বলে স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে।

তাৎক্ষণিকভাবে এ প্রসঙ্গে ইতালির কোস্ট গার্ড ও ফাইন্যান্স পুলিশের কোনো মন্তব্য পাওয়া যায়নি।