২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জুডো ক্লাসে ২৭ বার আছাড়, তাইওয়ানে বালকের মৃত্যু

তাইওয়ানে জুডো প্রশিক্ষণ চলাকালে সাত বছর বয়সী যে বালককে মেঝেতে ২৭ বার আছাড় মারা হয়েছিল তার মৃত্যু হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2021, 01:35 PM

Updated : 07 Apr 2022, 11:18 PM

এপ্রিলে জুড়ো ক্লাসে ছুড়ে ফেলার প্রশিক্ষণে তাকে ব্যবহার করে তার শিক্ষক ও সহপ্রশিক্ষণার্থীরা, পরে সে মাথায় মারাত্মক রক্তক্ষরণের শিকার হয়। অবস্থার অবনতি হয়ে বালকটি কোমায় চলে যাওয়ার পর তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল।

টানা ৭০ দিন এ অবস্থায় থাকার পর তার বাবা-মা সন্তানের লাইফ সাপোর্ট খুলে নেওয়ার সিদ্ধান্ত নেন বলে স্থানীয় গণমাধ্যমের বরাতে জানিয়েছে বিবিসি।

মঙ্গলবার স্থানীয় সময় রাত ৯টায় এক ঘোষণায় ফাংগুইয়েন হাসপাতাল জানায়, বালকটির রক্তচাপ ও হৃদস্পন্দন হ্রাস পাচ্ছে। হাসপাতালটির চিকিৎসকরা তার পরিবারের সঙ্গে কথা বলার পর তারা লাইফ সাপোর্ট খুলে নেওয়ার বিষয়ে সম্মতি দেয়।

সাত বছর বয়সী এই ছেলেটি ২১ এপ্রিল তার চাচার সঙ্গে জুডো ক্লাসে গিয়েছিল। জুডো তার জন্য উপযুক্ত না, ছেলেটির মাকে এমনটি দেখাতে ক্লাসের ভিডিও নিতে চাচা তার সঙ্গে গিয়েছিলেন।

ওই ভিডিওতে দেখা যায়, প্রশিক্ষণ চলাকালে জ্যেষ্ঠ এক সহপাঠী তাকে বেশ কয়েকবার তুলে আছাড় মারছেন। ভিডিওতে বালকটিকে কাঁদতে দেখা গেলেও প্রশিক্ষক তাকে উঠে দাঁড়াতে বলেন আর ওই জ্যেষ্ঠ সহপাঠীকে তাকে আছাড় মেরে যেতে বলেন; এর আগে আছাড় মারার জন্য বালকটিকে বেছে নিয়ে প্রশিক্ষক নিজেও তাকে আছাড় মেরেছিলেন।

শেষ পর্যন্ত বালকটি অজ্ঞান হয়ে যায়। সে অজ্ঞান হওয়ার ভান করছে, প্রশিক্ষক তখন এমন অভিযোগ করেছিলেন বলে বালকটির পরিবার জানিয়েছে।

এ ঘটনার সময় বালকটির চাচা কেন বাধা দিলেন না, এমন প্রশ্ন ওঠায় তাইওয়ানের বিশেষজ্ঞরা জানান, সেখানে শিক্ষকদের প্রতি শ্রদ্ধা ও সম্মান দেখানোর দীর্ঘদিনের ঐতিহ্য আছে। এই ঐতিহ্য অনুযায়ী, পরিস্থিতি যাই হোক না কেন ক্লাসে শিক্ষকদের কর্তৃত্ব মেনে নেওয়া হয়।

কিন্তু পরে তদন্তে দেখা গেছে, ওই প্রশিক্ষকের কোনো লাইসেন্স ছিল না।

তাইপে টাইমস জানিয়েছে, বালকটির ষাটোর্ধ্ব জুডো প্রশিক্ষকের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের ফলে গুরুতর আঘাত ও অপরাধ করার জন্য একজন নাবালককে ব্যবহার করার অভিযোগ আনা হয়েছে।

প্রশিক্ষককের ডাক না নাম হো বলে জানানো হলেও বালকটির নাম প্রকাশ করা হয়নি। চলতি মাসের প্রথমদিকে হোকে তিন হাজার ৫৮৩ ডলার জামিনে মুক্তি দেওয়া হয়।