২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইথিওপিয়া: তিগ্রাইয়ের রাজধানী দখলে নেওয়ার দাবি টিপিএলএফের

ইথিওপিয়ার সরকারি বাহিনী ও তাদের মিত্রদের হটিয়ে তিগ্রাইয়ের রাজধানী মেকেলে দখলে নেওয়ার দাবি করেছে তিগ্রাই পিপলস লিবারেশন ফ্রন্ট (টিপিএলএফ)।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2021, 07:44 PM

Updated : 07 Apr 2022, 11:17 PM

“মেকেলে এখন শতভাগ আমাদের নিয়ন্ত্রণে। দক্ষিণে এবং পূর্বে আমাদের বাহিনী এখনও লড়াই চালিয়ে যাচ্ছে, এই অঞ্চলের প্রত্যেক ইঞ্চি থেকে শত্রুদের উৎখাত করার আগ পর্যন্ত লড়াই চলবে,” মঙ্গলবার এমনটাই বলেছেন টিপিএলএফের মুখপাত্র গেতাচিউ রেদা।

তিগ্রাইয়ের প্রায় সব ফোনের সংযোগ বিচ্ছিন্ন থাকায় তাৎক্ষণিকভাবে টিপিএলএফের এ দাবির সত্যতা যাচাই করা যায়নি বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

তবে সংযোগ বিচ্ছিন্ন হওয়ার আগে সোমবার স্থানীয় সময় সন্ধ্যার দিকে স্থানীয়রা মেকেলের সড়কগুলো থেকে ইথিওপিয়ার সরকারি বাহিনী অদৃশ্য হয়ে গেছে এবং টিপিএলএফের সদস্যরা শহরে প্রবেশ করছে বলে জানিয়েছিলেন।

এসময় শহরটির বাসিন্দারা পতাকা উড়িয়ে, গান গেয়ে তাদের স্বাগত জানান।

ইথিওপিয়ার প্রধানমন্ত্রীর এক মুখপাত্র, তিগ্রাই বিষয়ক সরকারি টাস্কফোর্সের প্রধান, ইথিওপিয়ার সামরিক বাহিনীর মুখপাত্র এবং ইরিত্রিয়ার তথ্যমন্ত্রীর কাছে টিপিএলএফের দাবির প্রসঙ্গে মন্তব্য চাওয়া হলেও তাৎক্ষণিকভাবে তাদের কাছ থেকে সাড়া পাওয়া যায়নি।

প্রায় তিন দশক ইথিওপিয়ার রাজনীতিতে প্রভাব বিস্তার করা টিপিএলএফ গত বছরের নভেম্বর থেকে সরকারি বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ে নামে; সাম্প্রতিক সপ্তাহগুলোতে তিগ্রাইভিত্তিক এ রাজনৈতিক দল ও সশস্ত্র গোষ্ঠীট যুদ্ধে বড় ধরনের সাফল্য পেয়েছে বলেই মনে হচ্ছে।

দুই পক্ষের এই সংঘাতে এরই মধ্যে প্রায় ২০ লাখ মানুষ ঘরছাড়া হয়েছে।

সংঘাতের কারণে অন্তত সাড়ে তিন লাখ লোক দুর্ভিক্ষের কবলে পড়েছে; এদের পাশাপাশি আরও ৫০ লাখ মানুষের জরুরি খাদ্য সহায়তা দরকার বলে জানিয়েছে জাতিসংঘ।

তাদের অভিযোগ, ইথিওপিয়ার সরকারি বাহিনী এবং তার মিত্ররা (ইরিত্রিয়া ও পার্শ্ববর্তী আমহারা অঞ্চলের বাহিনী) ধারাবাহিকভাবে তিগ্রাইয়ে সহায়তা নিয়ে যাওয়া গাড়িবহর আটকে দিচ্ছে।

মঙ্গলবার উত্তরাঞ্চলীয় শহর শারেতেও ইরিত্রিয়ার বাহিনীকে দেখা যায়নি বলে জানিয়েছেন শহরটির বাসিন্দারা।  

“শহরে ইরিত্রিয়ার কেউ নেই,” রয়টার্সকে এমনটাই বলেছেন শারের এক বাসিন্দা।

রাতেই ইরিত্রিয়ার বাহিনীর বড় অংশ শহর ছেড়েছে বলে জানান আরেক বাসিন্দা।