২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বেলারুশে আটক সংবাদিকের ‘দোষ স্বীকার’, পরিবার বলছে জোর করে স্বীকারোক্তি আদায়

বেলারুশে আটক সাংবাদিক রোমান প্রোতেসেভিচকে সরকার বিরোধী কর্মকাণ্ডে জড়িতে থাকার অভিযোগ স্বীকার করে নিতে বাধ্য করা হয়েছে বলে দাবি করেছে তার পরিবার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউজডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2021, 03:53 PM

Updated : 07 Apr 2022, 11:11 PM

গত ২৩ মে গ্রিস থেকে লিথুনিয়াগামী রায়ানএয়ারের একটি উড়োজাহাজে বোমা আছে এমন ভয় দেখিয়ে সেটিকে ঘুরিয়ে মিনস্কে নামতে বাধ্য করে ভিন্নমতাবলম্বী সাংবাদিক প্রোতেসেভিচ (২৬) ও তার বান্ধবীকে গ্রেপ্তার করে বেলারুশ সরকার।

বেলারুশ সরকারের এ কাণ্ডে ‘স্তম্ভিত’ পশ্চিমা বিশ্ব একে ‘রাষ্ট্রীয় দস্যুতা’ বলে বর্ণনা করেছেন।

বিবিসি জানায়, গত বৃহস্পতিবার সন্ধ্যায় অশ্রুসিক্ত চোখে বেলারুশের রাষ্ট্রীয় টেলিভিশনে হাজির হয়ে প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কোর প্রশংসা করেন প্রোতেসেভিচ। একইসঙ্গে লুকাশেঙ্কোকে উৎখাতে ষড়যন্ত্রে জড়িত থাকার দোষও স্বীকার করেন নেন তিনি।

টেলিভিশনে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার সময় প্রোতেসেভিচের কব্জিতে কালশিটে দেখা গেছে বলে জানায় বিবিসি।

বিভিন্ন মানবাধিকার সংগঠন এবং বেলারুশের বিরোধীরা বলছে, স্বীকারোক্তি আদায় করতে প্রোতেসেভিচকে নির্যাতন করা হয়েছে।

প্রেসিডেন্ট লুকাশেঙ্কোর বিরুদ্ধে নানা রকম খবর প্রচারের কারণে বেলারুশ সরকার প্রোতেসেভিচের নাম ‘সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের’ তালিকায় আগেই অন্তর্ভুক্ত করে।

গত ২৭ বছর ধরে বেলারুশের ক্ষমতায় আছেন প্রেসিডেন্ট অ্যালেক্সান্ডার লুকাশেঙ্কো। যাকে ‘ইউরোপের শেষ স্বৈরশাসক’ নামে ডাকা হয়। ৬৬ বছরের লুকাশেঙ্কো নির্দয়ভাবে ভিন্নমতাবলম্বীদের দমন করেন। তিনি বিরোধী অনেক নেতাকে কারাগারে বন্দি করে রেখেছেন বা তারা পালিয়ে নির্বাসিত জীবনযাপন করছেন।

গত বছর ৯ অগাস্ট সর্বশেষ প্রেসিডেন্ট নির্বাচনেও লুকাশেঙ্কো জয়লাভ করেন। যদিও ওই নির্বাচনের স্বচ্ছতা প্রশ্নবিদ্ধ। নির্বাচনের ফলাফলের বিরুদ্ধে দেশজুড়ে বিক্ষোভ শুরু হলে তা দমনে বলপ্রয়োগ করেন লুকাশেঙ্কো। বিরোধী নেতাদের কারাবন্দি করা হয় বা তারা দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হন।

‘তারা তাকে ভেঙ্গে ফেলেছে’

টেলিভিশনে প্রোতেসেভিচকে বলতে শোনা যায়, তিনি সম্পূর্ণ নিজের ইচ্ছায় বক্তব্য দিচ্ছেন।

তিনি বলেন, তিনি প্রেসিডেন্ট লুকাশেঙ্কোর অনেক সমালোচনা করেছেন। কিন্তু তিনি এখন ‘বুঝতে শুরু করেছেন যে প্রেসিডেন্ট ঠিক কাজই করছেন এবং নিশ্চিতভাবেই তিনি লুকাশেঙ্কোকে সম্মান করেন’।

বক্তব্যের শেষ দিকে প্রোতেসেভিচ কান্নায় ভেঙ্গে পড়েন এবং বলেন, তিনি আশা করছেন তিনি একদিন বিয়ে করবেন এবং সন্তানের পিতা হবেন।

টেলিভিশনে ছেলের এই বক্তব্য দেখে মনে খুবই আঘাত পেয়েছেন জানিয়ে প্রোতেসেভিচের বাবা বলেন, ‘‘আমি আমার ছেলেকে খুব ভালো করে চিনি। আমার বিশ্বাস, সে কখনো নিজের ইচ্ছায় এ ধরনের কথা বলতে পারে না। তারা তাকে ভেঙ্গে ফেলেছে এবং তাদের যা প্রয়োজন তা বলিয়ে নিচ্ছে।”

গ্রেপ্তারের পর এ নিয়ে তৃতীয়বারের মত জনসম্মুখে হাজির করা হয় প্রোতেসেভিচকে।

যদি প্রোতেসেভিচের বিরুদ্ধে সরকারের বিরেুদ্ধে বিক্ষোভে উসকানি দেওয়ার ‍অভিযোগ প্রমাণিত হয় তবে তার ১৫ বছরের কারাদণ্ড হতে পারে। কিন্তু যদি সন্ত্রাসবাদে জড়িত থাকার অভিযোগ দায়ের করা হয় এবং তা প্রমাণিত হয় তাবে তার থেকেও কঠিন সাজা হবে।

প্রোতেসেভিচের সহযাত্রীরা বলেন, রায়ানএয়ারের ফ্লাইটটি মিনস্ককে অবতরণের পর তিনি বলেছিলেন, ‘‘বেলারুশে তার মৃত্যুদণ্ডের সাজাও হতে পারে।”

পুরনো খবর:

সাংবাদিককে গ্রেপ্তারে উড়োজাহাজ নামতে বাধ্য করেছে বেলারুশ
বেলারুশে আটক সাংবাদিকের মুক্তির দাবিতে বিশ্বজুড়ে বিক্ষোভ