২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বেলারুশে আটক সাংবাদিকের মুক্তির দাবিতে বিশ্বজুড়ে বিক্ষোভ

বেলারুশের সরকার-বিরোধীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে এবং আটক সাংবাদিক রোমান প্রোতেসেভিচ ও তার বান্ধবীর মুক্তির দাবিতে পোল্যান্ড ও লিথুনিয়ায় শত শত মানুষ বিক্ষোভ করেছে। বিক্ষোভ হয়েছে যুক্তরাষ্ট্র এবং অস্ট্রেলিয়াসহ আরও কয়েকটি দেশে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2021, 08:18 PM

Updated : 10 Oct 2022, 05:59 PM

গত রোববার গ্রিস থেকে লিথুনিয়াগামী রায়ানএয়ারের একটি উড়োজাহাজে বোমা হামলার সতর্কবার্তা দিয়ে সেটিকে ঘুরিয়ে মিনস্কে নামতে বাধ্য করে ভিন্নমতাবলম্বী সাংবাদিক প্রোতেসেভিচকে (২৬) গ্রেপ্তার করে বেলারুশ সরকার।

ওই ঘটনায় ‘স্তম্ভিত’ পশ্চিমা দেশগুলো বেলারুশের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে। প্রোতেসেভিচের বান্ধবী সোফিয়া সাপেগা (২৩) কেও মিনস্ক বিমানবন্দরেই আটক করা হয়। আইনের শিক্ষার্থী সাপেগা রাশিয়ার নাগরিক।

বিবিসি জানায়, প্রোতেসেভিচের মা নাতালিয়া শনিবার পোল্যান্ডের রাজধানী ওয়ারশ’র বিক্ষোভে অংশ নেন। সেখানে তিনি সাংবাদিকদের বলেন, ‘‘আমি ইউরোপীয় ইউনিয়ের সব দেশ এবং যুক্তরাষ্ট্রের কাছে রোমান ও সোফিয়া এবং তাদের মতো আরও যারা কারাবন্দি আছে তাদের মুক্ত করতে সাহায্য করার ‍অনুরোধ করছি।”

Image
ছবি: স্ক্রিনশট: ইউটিউব ভিডিও

ছবি: স্ক্রিনশট: ইউটিউব ভিডিও

প্রোতেসেভিচের বাবা দিমিত্রি বলেন, ‘‘আমরা একটি স্বাধীন দেশে বসবাস করতে চাই। এমন দেশ যেখানে সবার নিজের মত প্রকাশের অধিকার আছে।”

ওয়ারশ’তে বিক্ষোভে অংশ নেওয়াদের হাতে বেলারুশের সরকার-বিরোধীদের লাল-সাদা পকাতা ছিল। প্ল্যাকার্ডে বেলারুশের স্বাধীনতার জন্য সহায়তা চেয়ে স্লোগান লেখা ছিল।

গত ২৭ বছর ধরে বেলারুশের ক্ষমতায় আছেন প্রেসিডেন্ট অ্যালেক্সান্ডার লুকাশেঙ্কো। যাকে ‘ইউরোপের শেষ স্বৈরশাসক’ নামে ডাকা হয়। ৬৬ বছরের লুকাশেঙ্কো নির্দয়ভাবে ভিন্নমতাবলম্বীদের দমন করেন। তিনি বিরোধী অনেক নেতাকে কারাগারে বন্দি করে রেখেছেন বা তারা পালিয়ে নির্বাসিত জীবনযাপন করছেন।

বেলারুশ থেকে পালিয়ে গত অগাস্টে লিথুনিয়ায় নির্বাসনে চলে যাওয়া এমনই একজন বিরোধীদলীয় নেত্রী সেভেৎলানা তিখানোভস্কয়া। লিথুনিয়ায় আয়োজিত বিক্ষোভ-সমাবেশে তিনি বক্তব্য রেখেছেন। ভিলনিয়াসের সমাবেশে তিনি বলেন, “আমার বিশ্বাস শিগগিরই পরিবর্তন আসবে। নতুন নির্বাচন হবে। কারণ, এছাড়া আর অন্য পথ নেই। বেলারুশের জনগণ ছেড়ে দেবে না।”

লিথুনিয়ার বিক্ষোভে সেভেৎলানাসহ আরও কয়েকশ’ বিক্ষোভকারী রাজধানী ভিলনিয়াসে অবস্থিত বেলারুশ দূতাবাস অভিমুখে পদযাত্রা করেছে। একইধরনের বিক্ষোভ হয়েছে বার্লিনে। এছাড়া, ইউক্রেইন, আয়ারল্যান্ড এবং নেদারল্যান্ডসসহ আরও ডজনখানেক দেশে ছোটখাট বিক্ষোভ হয়েছে।