কাবুলে ২ বাসে বোমা হামলায় নিহত ১২
আফগানিস্তানের রাজধানী কাবুলে দু’টি যাত্রীবাহী বাসে পৃথক বোমা হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছেন।
উভয় হামলাই মঙ্গলবার সন্ধ্যায় নগরীর পশ্চিমাংশে ঘটেছে বলে দেশটির নিরাপত্তা কর্মকর্তারা বুধবার জানিয়েছেন।
কাবুলের ওই অংশটি শিয়া অধ্যুষিত। এর আগেও এই এলাকাটিতে অনেকবার হামলা চালানো হয়েছিল। এর অনেকগুলো ইসলামিক স্টেটের (আইএস) মতো জঙ্গি গোষ্ঠীগুলো চালিয়েছিল বলে দেশটির কর্মকর্তারা জানিয়েছেন।
কাবুল পুলিশের মুখপাত্র ফেরদৌস ফারামার্জ জানিয়েছেন, বিস্ফোরণের সময় উভয় বাসেই যাত্রী ছিল।
দুই হামলার ঘটনায় অন্তত ১২ জন নিহত ও ১০ জনেরও বেশি আহত হয়েছেন বলে জানিয়েছেন তিনি।
কোনো গোষ্ঠী জোড়া এ বোমা হামলার দায় স্বীকার করেনি।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সাম্প্রতিক মাসগুলোতে আফগানিস্তানে রাস্তার পাশে পেতে রাখা বোমা, যানবাহনের নিচে পেতে রাখা ছোট চুম্বুক বোমা ও অন্যান্য হামলাগুলোতে নিরাপত্তা বাহিনীর সদস্য, বিচারক, সরকারি কর্মকর্তা, সুশীল সমাজের সদস্য ও সাংবাদিকদের লক্ষ্যস্থল করা হয়েছে।
সাধারণত দেশটির সরকার এসব হামলার জন্য তালেবানকে দায়ী করে, কিন্তু বিদ্রোহী গোষ্ঠীটি এসব হামলায় জড়িত থাকার কথা অস্বীকার করেছে।
১১ সেপ্টেম্বরের মধ্যে আফগানিস্তান থেকে সব সেনা প্রত্যাহারের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। এ ঘোষণা আসার পর থেকে আফগানিস্তানজুড়ে সহিংসতা হঠাৎ করে অনেক বেড়ে গেছে।
