২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উগান্ডার মন্ত্রীকে হত্যার চেষ্টা, কন্যা ও চালক নিহত

উগান্ডার রাজধানী কামপালায় দেশটির কর্ম ও পরিবহন মন্ত্রীকে বহনকারী গাড়িতে হামলার ঘটনা ঘটেছে, এতে মন্ত্রী আহত হয়ে প্রাণে রক্ষা পেলেও তার কন্যা ও গাড়িচালক নিহত হয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2021, 06:12 PM

Updated : 02 Aug 2022, 05:53 PM

মঙ্গলবার কামপালার কিয়াসাসি এলাকায় হামলার এ ঘটনা ঘটে বলে দেশটির সেনাবাহিনীর একজন মুখপাত্র ও স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে।

স্থানীয় টেলিভিশন স্টেশন এনবিএসের প্রতিবেদনে বলা হয়েছে, চার হামলাকারী মোটরসাইকেল যোগে এসে পরিবহনমন্ত্রী জেনারেল কাতুমবা ওয়ামালাকে বহনকারী গাড়ি লক্ষ্য করে গুলিবর্ষণ করে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিগুলোতে ওয়ামালাকে মুখ হা করা অবস্থায় আক্রান্ত গাড়িটির পাশে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে, তার হালকা রঙের প্যান্টে রক্তের দাগ লেগেছিল; যন্ত্রণাকাতরতার কারণে তার মুখের অভিব্যক্তি এমন হতে পারে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

সামাজিক যোগাযোগ মাধ্যমে আসা অন্যান্য ছবিতে গাড়ির জানালায় গুলির গর্ত ও মাটিতে গুলির খোসা পড়ে থাকতে দেখা গেছে। 

সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার ফ্লাভিয়া বায়েকওয়াসো রয়টার্সকে বলেন, “তাকে লক্ষ্য করে গুলিবষর্ণের একটি ঘটনা ঘটেছে। তিনি আহত হয়েছেন। তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। তার চালক নিহত হয়েছেন।”

“তিনি উভয় কাঁধে আঘাত পেয়েছেন,” এনবিএসকে বলেছেন আইনজীবী ক্রিস বারিয়োমুনসি। ওয়ামালার সঙ্গে গাড়িতে থাকা তার কন্যাও নিহত হয়েছেন বলে এনবিএসের প্রতিবেদনে বলা হয়েছে।

সাম্প্রতিক বছরগুলোতে পূর্ব আফ্রিকার এ দেশটিতে বেশ কয়েকটি হত্যাকাণ্ডের ঘটনা ও রহস্যময় মৃত্যুর কোনো কূলকিনারা হয়নি। এসব ঘটনা হামলাকারী ও তাদের উদ্দেশ্য নিয়ে দেশটিতে অনেক গুজবের জন্ম দিয়েছে।

এ পর্যন্ত যারা নিহত হয়েছেন তাদের মধ্যে একজন আইনজীবী, একজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা, দেশটির শীর্ষ আইন কর্মকর্তা, জ্যেষ্ঠ একজন মুসলিম নেতা ও অন্যান্যরা রয়েছেন। এদের প্রায় সবাইকেই মোটরসাইকেল যোগে আসা বন্দুকধারীরা গুলি করে হত্যা করেছে।

যে এলাকায় ওয়ামালার ওপর হামলা হয়েছে সেই কিয়াসাসি এলাকায়ই ২০১৭ সালে মোটরসাইকেল যোগে আসা বন্দুকধারীরা একজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাকে বহনকারী গাড়ির ওপর বৃষ্টির মতো গুলি ছুড়েছিল। এ ঘটনায় ফেলিক্স কাওয়িসা নামের ওই পুলিশ কর্মকর্তা তার দেহরক্ষী ও চালকসহ নিহত হন।