ক্যালিফোর্নিয়ায় বন্দুক হামলাকারীর ছিল ২২,০০০ রাউন্ড গোলাবারুদ
যুক্তরাষ্ট্রে ক্যালিফোর্নিয়ার সান হোসের রেল ইয়ার্ডে কয়েকদিন আগেই গুলি চালিয়ে নয়জনকে হত্যা করা সেই বন্দুকধারীর বাড়ি থেকে ২২ হাজার রাউন্ড গোলাবারুদ, ১২টি আগ্নেয়াস্ত্র এবং ২০ ক্যানের বেশি পেট্রোল উদ্ধার করেছে পুলিশ।
রেল ইয়ার্ডেরই এক পরিবহন কর্মী গত বুধবার বন্দুক হামলা চালানোর পর আত্মহত্যা করেন। সিলিকন ভ্যালির কেন্দ্রস্থল সান ফ্রান্সিসকো বে এরিয়ার সান হোসে শহরের সান্তা ক্লারা ভ্যালি ট্রান্সপোর্ট অথরিটির (ভিটিএ) রেল ইয়ার্ডে স্থানীয় সময় ভোরসকালে এ ঘটনা ঘটে।
যুক্তরাষ্ট্রের ইতিহাসে ১৯৯৩ সালের পর এটিই সবচেয়ে ভয়াবহ বন্দুক হামলার ঘটনা। বন্দুক সহিংসতার আর্কাইভ প্রতিবেদন অনুসারে, এ বছর দেশটিতে এখন পর্যন্ত ২৩৩টি বন্দুক সহিংসতার ঘটনা ঘটেছে।
ক্যালিফোর্নিয়ার স্থানীয় শেরিফের কার্যালয় থেকে জানানো হয়েছে, সান হোসের ঘটনাটি পরিকল্পনা করেই ঘটানো হয়েছিল। হামলাকারীর লক্ষ্য ছিল যত বেশি সম্ভব মানুষ মারা। সেজন্য আগ্নেয়াস্ত্র নিয়ে সে প্রস্তুত হয়ে এসেছিল।
তাছাড়া, হামলার আগে সেই ব্যক্তি নিজের বাড়িতেও আগুন লাগিয়েছিল বলে গত শুক্রবার জানিয়েছে পুলিশ।
সংবাদ সম্মেলনে পুলিশের এক মুখপাত্র জানান, হামলাকারীর বাড়িতে বিভিন্ন স্থানে বন্দুক লুকানো ছিল। বাড়ি ছিল অগোছালো। রান্নাঘরে স্টোভের ওপর রান্নার পাতিলেও পাওয়া গেছে বুলেট। সেখান থেকেই বুলেট বিস্ফোরিত হয়ে বাড়িতে আগুন লেগেছে।
গোয়েন্দা সংস্থা এফবিআই এক এজেন্ট বলেছেন, বাড়িটি পুড়ে যাওয়ায় অনেক প্রমাণই নষ্ট হয়ে গেছে, যা থেকে হামলার উদ্দেশ্য কি তা জানতে পারা যেত।
