২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নারদা মামলায় এবার মমতার নাম জড়াল সিবিআই

পশ্চিমবঙ্গে নারদা অর্থ কেলেঙ্কারির মামলায় নেতা-মন্ত্রীদের ধরপাকড়ের পর এবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম জড়িয়েছে ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 May 2021, 01:29 AM

Updated : 07 Apr 2022, 11:07 PM

নিরাপত্তার কারণ দেখিয়ে মামলাটি পশ্চিমবঙ্গ থেকে ভারতের অন্য রাজ্যে স্থানান্তর করার আরজি জানিয়ে কলকাতা হাইকোর্টে আবেদন করেছে সিবিআই।

সে আবেদনেই নতুন করে পক্ষ করা হয়েছে মমতা এবং তার সঙ্গে রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক ও তৃণমূলের আইনজীবী সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কেও।

কলকাতার দৈনিক আনন্দবাজার জানায়, আর্জিতে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা দাবি করেছে, পশ্চিমবঙ্গে নারদা মামলাটি প্রভাবিত করার চেষ্টা করা হতে পারে।

হাইকোর্টে সিবিআই বলেছে, সোমবার রাজ্যের চার নেতা-মন্ত্রী গ্রেপ্তার হওয়ার পর পরিকল্পিতভাবে সিবিআই দপ্তর ঘেরাও করা হয়েছিল। দপ্তরে ৬ ঘণ্টা ধর্ণা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি চিৎকার করে অভিযুক্তদের ছেড়ে দিতে বলেন, নইলে তাকে গ্রেপ্তার করার দাবি জানান।

মমতা ওইদিন মামলা করার হুমকি দিয়েছিলেন বলেও দাবি করেছে সিবিআই। আর তাই পশ্চিমবঙ্গে মামলা চললে তাদের কাজ বাধাপ্রাপ্ত হওয়ার আশঙ্কা থেকেই সিবিআই মামলা অন্য রাজ্যে সরিয়ে নিতে চাইছে।

সোমবার নারদা মামলায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই মমতার রাজ্য সরকারের ২ মন্ত্রী ফিরহাদ হাকিম এবং সুব্রত মুখপাধ্যায়সহ তৃণমূলের প্রাক্তন ২ মন্ত্রী মদন মিত্র ও শোভন চট্টোপাধ্যায়কে গ্রেফতার করলে রাজ্যে তোলপাড় শুরু হয় । খবর শুনে স্বয়ং মুখ্যমন্ত্রী পৌঁছে গিয়েছিলেন কলকাতার সিবিআই দপ্তর নিজাম প্যালেসে। গ্রেফতারের প্রতিবাদও জানিয়েছিলেন তিনি।

বুধবার কলকাতা হাইকোর্টে নারদার জো়ড়া মামলার শুনানি ছিল। একটি নারদা মামলা অন্য রাজ্যে স্থানান্তরের জন্য সিবিআইয়ের আবেদন নিয়ে। আর অপরটি নারদাকাণ্ডে অভিযুক্ত চার নেতা-মন্ত্রীর জামিনে স্থগিতাদেশের আর্জি পুনর্বিবেচনার আবেদন নিয়ে।

সিবিআই চায়, হাই কোর্টে যাতে মামলায় অভিযুক্তদের জেল হেফাজতের নির্দেশ বহাল থাকে এবং মামলা পশ্চিমবঙ্গ থেকে অন্য রাজ্যে সরিয়ে নেওয়া হয়। অন্যদিকে, আটক ৪ নেতা-মন্ত্রীর জামিনের আবেদন করবেন তাদের পক্ষের আইনজীবীরা। হাই কোর্টে বিষয়টির সুরাহা না হলে আইনজীবীরা সুপ্রিম কোর্টেরও দ্বারস্থ হতে পারেন।

পুরনো খবর:

পশ্চিমবঙ্গে আচমকা গ্রেপ্তার নেতা-মন্ত্রীরা, সিবিআই দপ্তরে মমতার ধর্না