২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আরব সাগরে বিপুল রুশ-চীনা অস্ত্রের চালান জব্দ করেছে যুক্তরাষ্ট্র

উত্তর আরব সাগরের আন্তর্জাতিক জলসীমায় রাষ্ট্রীয় মালিকানাহীন একটি নৌযান থেকে রাশিয়া ও চীনের তৈরি বিপুল পরিমাণ বেআইনি অস্ত্রের চালান জব্দ করেছে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 10 May 2021, 09:23 PM

Updated : 07 Apr 2022, 11:05 PM

যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহর শনিবার জানিয়েছে, গাইডেড-মিসাইল যুদ্ধজাহাজ ইউএএস মন্টারি গত ৬ ও ৭ মে-তে নিয়মিত টহলের সময় এই অস্ত্রের চালান জব্দ করে।

বাহরাইনভিত্তিক এই মার্কিন নৌবহর এক বিবৃতিতে জানায়, “জব্দ করা এসব অস্ত্রের মধ্যে রাশিয়ার তৈরি কয়েক ডজন ট্যাংক ধ্বংসকারী ক্ষেপণাস্ত্র, চীনের তৈরি হাজার হাজার ‘টাইপ–৫৬’ রাইফেল, শতাধিক পিকেএম মেশিনগান, স্নাইপার রাইফেল এবং রকেট-চালিত গ্রেনেড লাঞ্চার রয়েছে।”

এসব অস্ত্র এখন যুক্তরাষ্ট্রের হেফাজতে রয়েছে। অস্ত্রের এই চালান কোথা থেকে এসেছে এবং কোথায় যাচ্ছিল, তা নিয়ে তদন্ত চলছে বলেও বিবৃতিতে জানানো হয়েছে।

যে নৌযান থেকে অস্ত্রগুলো জব্দ করা হয়েছে, সেটিতে কোনও দেশের পতাকা ছিল না। বিবৃতিতে বলা হয়, বেআইনি চালানের কার্গোগুলো নামানোর পর আটক নৌযানটির নাবিকদের জেরা করা হয়। এরপর তাদেরকে খাবার ও পানি দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।