বাইডেনকে মিয়ানমার জান্তার ওপর আরও নিষেধাজ্ঞা আরোপের আহ্বান
যুক্তরাষ্ট্রের একদল সেনেটর প্রেসিডেন্ট জো বাইডন প্রশাসনকে মিয়ানমারের ক্ষমতা দখলকারী সামরিক জান্তার ওপর আরও নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন।
এ আহ্বান জানানো সেনেটরদের মধ্যে যেমন ডেমোক্র্যাটিক সেনেটর জেফ মার্কলি আছেন, তেমন আছেন রিপাবলিকান সেনেটর মার্কো রুবিও।
আরও চার সেনেটর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টোনিও ব্লিনকেন এবং অর্থমন্ত্রী জ্যানেট ইয়েলেনের কাছে এক চিঠিতে ‘মিয়ানমারে গণতন্ত্রের পক্ষে লড়াইরত মানুষের জন্য সমর্থনের নতুন নতুন দ্বার উন্মোচন করতে’ বলেছেন।
মিয়ানমারের জনগণের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ হচ্ছে বলেও চিঠিতে উল্লেখ করা হয়। মিয়ানমারে সেনা অভ্যুত্থান এবং বিক্ষোভকারীদের ওপর সহিংস দমনপীড়নের জবাবে রাষ্ট্রীয় একটি জ্বালানি কোম্পানির রাজস্বও বন্ধ করে দিতে বলেছেন সেনেটররা।
বাইডেন প্রশাসনকে যুক্তরাষ্ট্র থেকে মিয়ানমারের সেনাবাহিনী পরিচালিত নানা ব্যবসা প্রতিষ্ঠানের লভ্যাংশ সে দেশে যাওয়া বন্ধ করার আহ্বান জানান তারা।
যুক্তরাষ্ট্রের বৃহৎ জ্বালানি কোম্পানি শেভরন কর্পের সঙ্গে মিয়ানমার অয়েল অ্যান্ড গ্যাস এন্টারপ্রাইজের (এমওজিই) ব্যবসা আছে। এমওজিই মিয়ানমারের জ্বালানি মন্ত্রণালয়ের অধীন।
এমওজিই মিয়ানমারের ক্ষমতা দখলকারী সেনাবাহিনী প্রধান মিন অং হ্লাইংসহ শীর্ষ সেনা কর্মকর্তাদের অর্থের যোগান দেয়। যুক্তরাষ্ট্র এরইমধ্যে হ্লাইংসহ মিয়ানমারের কয়েকজন শীর্ষ সেনা কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে।
এমওজিই আন্দামান সাগরে ইয়াদানা গ্যাস ক্ষেত্রের পার্টনার। শেভরন ওই প্রকৃতিক গ্যাস ক্ষেত্রের প্রায় ২৮ শতাংশ শেয়ারের মালিক।
গত ১ ফেব্রুয়ারি অভ্যুত্থানের মাধ্যমে মিয়ানমারের নির্বাচিত সরকারকে হটিয়ে ক্ষমতার দখল নেয় দেশটির সেনাবাহিনী। যার বিরুদ্ধে টানা গণআন্দোলন গড়ে উঠে। আন্দোলনে এখন পর্যন্ত পুলিশের গুলিতে সাড়ে সাতশ’র বেশি আন্দোলনকারী নিহত হয়েছেন।
বিভিন্ন মানবাধিকার সংগঠন আরো আগে থেকেই শেভরন এবং টোটালসহ আরো কয়েকটি জ্বালানি কোম্পানিকে মিয়ানমারের সঙ্গে সম্পর্ক ছেদ করার আহ্বান জানিয়ে আসছে।
মিয়ানমার সরকারের বৈদেশিক আয়ের একটি অন্যতম বড় উৎস শেভরন এবং টোটালের মত জ্বালানি কোম্পানি। মার্কিন সেনেটররা জানান, জ্বালানি খাত থেকে মিয়ানমার সরকার বছরে প্রায় ১ দশমিক ১ বিলিয়ন মার্কিন ডলার আয় করে।
চিঠিতে তারা বলেন, যতদিন পর্যন্ত নির্বাচনের মাধ্যমে মিয়ানমারে পুনরায় গণতান্ত্রিক সরকার না আসে ততদিন পর্যন্ত ওইসব লভ্যাংশ বিশ্বস্ত কোথাও জমা রাখা বা মানবিক সহায়তার কাজে ব্যয় করা যেতে পারে।
