২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাশিয়ায় নিষিদ্ধ হতে পারে নাভালনির সংগঠন

রাশিয়ায় নিষিদ্ধ হতে পারে কারাবন্দি বিরোধীদলীয় নেতা অ্যালেক্সি নাভালনির রাজনৈতিক ও দুর্নীতিবিরোধী নেটওয়ার্ক।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2021, 06:25 PM

Updated : 25 Jul 2022, 05:21 PM

মস্কোর আদালতে সোমবার এক রুদ্ধদ্বার শুনানিতে এই নিষিদ্ধের আদেশ ঘোষণা করা হতে পারে বলে জানিয়েছে ‘দ্য ওয়াশিংটন পোস্ট’ পত্রিকা।

মস্কোর সরকারি কৌঁসুলিরা নাভালনির রাজনৈতিক দল ও দুর্নীতিবিরোধী ফাউন্ডেশনকে ‘উগ্রবাদী’ সংগঠন হিসেবে ঘোষণার আবেদন জানিয়ে আদালতে মামলা করেছেন।

শুনানিতে আদালত নাভালনির নেটওয়ার্ক নিষিদ্ধের আদেশ দিলে তা রুশ কর্তৃপক্ষের কাছে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস), আল কায়েদা ও তালেবানের মতো গোষ্ঠী হিসাবেই গণ্য হবে।

তাছাড়া, আদালত এমন আদেশ দিল তা হবে রুশ সরকারের সবচেয়ে বড় রাজনৈতিক হুমকিকে গুঁড়িয়ে দেওয়ার চেষ্টায় নেওয়া সবচেয়ে আগ্রাসী পদক্ষেপ।

মামলায় যে তথ্য-প্রমাণ ব্যবহার হচ্ছে, তা রাষ্ট্রীয় গোপনীয় নথি। নাভালনির আইনজীবীকে শুনানির আগে মামলার নথিপত্র দেখার সুযোগ দেওয়া হবে বলে জানানো হয়েছে। নাভালনির এক মিত্র একথা জানিয়েছেন।

মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে, “নাভালনির রাজনৈতিক ও দুর্নীতিবিরোধী নেটওয়ার্ক নিষিদ্ধ করা হলে তা হবে সোভিয়েত-পরবর্তী রাশিয়ার ইতিহাসে মত প্রকাশের স্বাধীনতা এবং সংগঠনের অধিকারের গুরুতর লঙ্ঘন।”

ওয়াশিংটন পোস্টের খবরে বলা হয়, এমনকী নাভালনির ‘রাশিয়া সুখী হবে’ স্লোগান লেখা টি-শার্ট পরা কিংবা বিক্রি করার জন্য দেশটিতে জেলেও যেতে হতে পারে। নাভালনির সংগঠন নিষিদ্ধ ঘোষণার পর সংগঠনের সদস্যরা কার্যক্রম চালালে তাদের কারাদণ্ড হতে পারে।

রাশিয়ায় নাভালনি এরই মধ্যে কারাবন্দি হয়েছেন। তার অনেক মিত্রকেও কারাগারে পাঠানো হয়েছে। তাদেরকে নির্বাচনে লড়তে বাধা দেওয়া হয়েছে।

নাভালনির সমর্থনে বিক্ষোভকে বেআইনি বলছে কর্তৃপক্ষ। নাভালনির হাজারো সমর্থক গ্রেপ্তার হয়েছে। জেল হওয়া থেকে বাঁচতে নাভালনির অনেক মিত্রই রাশিয়া ছেড়ে নির্বাসনে গেছেন।

পুরনো খবর:

২৪ দিন পর অনশন ভাঙলেন নাভালনি
এখনই অনশন বন্ধ করুন, না হলে মারা যাবেন: নাভালনিকে তার চিকিৎসক