কোভিড-১৯: ভারতে সংক্রমণের নতুন ক্লাস্টার মহাকুম্ভ মেলা
ভারতের উত্তরাখণ্ড রাজ্যের হরিদ্বারে শুরু চলছে মহাকুম্ভ মেলা। ওই মেলায় যোগ দেওয়া লাখ লাখ হিন্দু তীর্থযাত্রীর মাধ্যমে দেশজুড়ে আবারও করোনাভাইরাস সংক্রমণ ভয়াবহ আকারে ছড়িয়ে পড়তে পারে বলে সতর্ক করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।
এ মাসে শুরু হওয়া মহাকুম্ভ মেলা পুরো এপ্রিল জুড়ে চলবে। ওই সময়ে ১৫ কোটির বেশি মানুষ মেলায় অংশ নেবেন বলে প্রত্যাশা আয়োজকদের। প্রতি ১২ বছর পরপর এই মহাকুম্ভ মেলা আয়োজন করা হয়।
মেলা শুরু হওয়ার পর সেখানে প্রতিদিন ৪০ জনের বেশি কোভিড-১৯ আক্রান্ত শনাক্ত হচ্ছে বলে জানায় ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়।
‘‘ভারতের ১২টি রাজ্যে গত কয়েক সপ্তাহে শনাক্তের সংখ্যা উদ্বেগজনকহারে বেড়েছে। ওইসব রাজ্য থেকেও লোকজন কুম্ভ মেলায় যোগ দিতে নিশ্চিয়ই হরিদ্বারে যাবে।”
ভারতে গত ২৪ ঘণ্টায় ৪৩ হাজার ৮৪৬ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। অর্থাৎ, গত নভেম্বরের পর আবারও দৈনিক শনাক্ত ৪০ হাজার ছাড়াতে শুরু করেছে। মোট শনাক্তের মধ্যে ৬০ শতাংশই মহারাষ্ট্রের বাসিন্দা।
ভারতে গত ১৬ জানুয়ারি থেকে কোভিড-১৯ টিকাদান কার্যক্রম শুরু হয়।
