ইন্দোনেশিয়ায় লাল পানিতে ডুবল পুরো গ্রাম
ইন্দোনেশিয়ায় বন্যার তোড়ে রক্ত-লাল পানিতে ডুবে গেছে পুরো একটি গ্রাম। ঘটনাটি ঘটেছে জাভা প্রদেশের পেকলঙ্গন নগরীর দক্ষিণে জেংগট গ্রামে।
লাল পানিতে ভেসে যাওয়া জেংগেটের রাস্তার অসংখ্য ছবি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
স্থানীয় একটি বাটিক কারখানা বন্যার পানিতে সয়লাব হওয়ার পরই গ্রামের রাস্তা ডুবেছে এমন রঙিন পানিতে। কারখানার গাঢ় লাল রঙ পানিতে মিশে পানি হয়েছে রক্ত-লাল।
ঐতিহ্যগতভাবে জেংগট গ্রাম বাটিক পোশাক এবং মোম উৎপাদনের জন্য বিখ্যাত।
পেকলঙ্গনের নদ-নদীগুলোর পানির রঙও এর আগে বদলে যেতে দেখা গেছে। সেটিও হয়েছিল বাটিক কারখানার রঙ পানিতে মেশার কারণে।
রয়টার্স জানায়, গত মাসে আরেকটি গ্রামে বন্যার পানিতে সবুজ রঙ মিশে উজ্জ্বল সবুজ পানিতে ডুবেছিল পুরো গ্রাম।
ইন্দোনেশিয়ায় প্রায়ই বন্যা হয়। এবছর শুরুর দিকে রাজধানী জাকার্তায় ঝড়ের পর বন্যায় অন্তত ৪৩ জনের মৃত্যু হয়েছিল।
