২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কোভিড-১৯: যুক্তরাষ্ট্রে নবনির্বাচিত কংগ্রেস সদস্যের মৃত্যু

কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্র কংগ্রেসের একজন নবনির্বাচিত সদস্যের মৃত্যু হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2020, 02:52 PM

Updated : 08 Apr 2022, 01:51 AM

রিপাবলিকান লুক লেটলো (৪১) লুইজিয়ানার ফিফথ ডিস্ট্রিক্ট থেকে প্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়েছিলেন। রোববার তার শপথ নেওয়ার কথা ছিল।

মার্কিন কংগ্রেসের কোভিডে আক্রান্ত হয়ে মারা যাওয়া প্রথম সদস্য তিনি, বলছে বিবিসি।    

পরীক্ষায় তার করোনাভাইরাস ধরা পড়েছে, ১৮ ডিসেম্বর এক ঘোষণায় জানিয়েছিলেন লেটলো।

করোনাভাইরাসজনিত জটিলতার কারণে ১৯ ডিসেম্বর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ২৩ ডিসেম্বর তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তরিত করা হয়। সেখানেই মঙ্গলবার সন্ধ্যায় (স্থানীয় সময়) তার মৃত্যু হয়। 

লেটলোর স্ত্রীর নাম জুলিয়া বার্নহিল লেটলো। তাদের দুটি ছোট বাচ্চা রয়েছে। ৫ ডিসেম্বর রানঅফ নির্বাচনে জয়ী হয়েছিলেন তিনি।

লেটলোর মৃত্যুতে শোক প্রকাশ করে যারা বিবৃতি দিয়েছেন তাদের মধ্যে লুইজিয়ানার গর্ভনর জন বেল এডওয়ার্ডস ও মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি অন্যতম। 

লেটলোর শেষকৃত্যের দিনটিতে লুইজিয়ানায় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দিয়েছেন গভর্নর এডওয়ার্ডস।