যুক্তরাষ্ট্রে এবার অনুমোদন পাওয়ার পথে মডার্নার কোভিড টিকা
যুক্তরাষ্ট্রে এবার অনুমোদন পাওয়ার পথে এগুচ্ছে কোভিড-১৯ এর দ্বিতীয় টিকা। মার্কিন জৈবপ্রযুক্তি কোম্পানি মডার্নার টিকা নিরাপদ এবং ৯৪% কার্যকর বলে মত দিয়েছেন বিশেষজ্ঞরা। আর এতেই জরুরি ব্যবহারের জন্য এই টিকা অনুমোদন পাওয়ার পথ সুগম হয়েছে।
যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ) মডার্নার টিকা বিশ্লেষণ করে মঙ্গলবার সকালেই এর বিস্তারিত বিবরণ দিয়েছে। বলা হয়েছে, এই টিকার নিরাপত্তা নিয়ে কোনও উদ্বেগ নেই এবং এর মারাত্মক কোনও পার্শ্বপ্রতিক্রিয়াও বিরল।
ফলে যুক্তরাষ্ট্রে এরই মধ্যে ফাইজার-বায়োএনটেকের কোভিড-১৯ টিকার প্রয়োগ শুরু হওয়ার পর এবার কয়েকদিনের মধ্যেই মডার্নার টিকাও অনুমোদন পাবে বলে আশা করা হচ্ছে।
বিবিসি জানায়, এফডিএ বিশেষজ্ঞদল এবং এর প্রধান কর্মকর্তা এ সপ্তাহ শেষে টিকাটি অনুমোদন করলে ২৪ ঘন্টার মধ্যেই এর চালান শুরু হতে পারে।
এফডিএ বলছে, ৩০ হাজার মানুষের ওপর পরীক্ষায় মডার্নার টিকা ৯৪.১ শতাংশ কার্যকর প্রমাণিত হয়েছে।
টিকা বিষয়ক প্যানেল দু’দিন পরই জরুরি ব্যবহারের জন্য টিকাটি অনুমোদন দেওয়া নিয়ে বৈঠকে বসবে। গত সপ্তাহে ফাইজারের টিকা নিয়েও এফডিএ একইরকম মূল্যায়ন প্রতিবেদন প্রকাশ করেছিল।
তারপরই টিকাটিকে অনুমোদন দেওয়া হয়। যুক্তরাষ্ট্রে সোমবার প্রথম দফায় ফাইজার-বায়োএনটেকের কোভিড-১৯ টিকা দেওয়া শুরু হয়েছে। যুক্তরাষ্ট্র জুড়ে প্রায় ১৫০টি হাসপাতাল এই টিকা হাতে পেয়েছে।
কোভিড-১৯ সংক্রমণ এবং মৃত্যু উভয় তালিকাতেই এক নম্বর নাম যুক্তরাষ্ট্র। দেশটিতে এ মহামারীতে এরই মধ্যে মৃতের সংখ্যা তিন লাখ ছাড়িয়েছে। এমন পরিস্থিতিতেই সেখানে দ্বিতীয় আরেকটি টিকা আসার পথ প্রশস্ত হল।
ফাইজার আর মডার্নার টিকার তফাৎ কি?
ফাইজার-বায়োএনটেক আর মডার্না দু’য়ে মিলে যুক্তরাষ্ট্র সরকার আগামী বছরেই পেয়ে যেতে পারে ১শ’ কোটি ডোজেরও বেশি কোভিড টিকা।
কিন্তু দু’টো টিকার মধ্যে বড় ধরনের ফারাক হচ্ছে সংরক্ষণের পদ্ধতিতে। ফাইজারের টিকা সংরক্ষণ করাটা বড় ধরনের চ্যালেঞ্জ। সেদিক থেকে মডার্নার টিকা সংরক্ষণ তুলনামূলকভাবে সুবিধাজনক।
ফাইজারের টিকা মাইনাস ৭০ ডিগ্রি সেলসিয়াসে সংরক্ষণ করতে হয়। সাধারণ রেফ্রিজারেটরের তাপমাত্রায় এটি রাখা যাবে মাত্র ৫ দিন।
যুক্তরাষ্ট্রের অনেক স্বাস্থ্যকেন্দ্র কিংবা হাসপাতালেই আল্ট্রা-কোল্ড স্টোরেজ সুবিধা নেই। ফলে ফাইজারের টিকা সরবরাহ করাটাও চ্যালেঞ্জিং হবে।
অন্যদিকে মডার্নার টিকা সাধারণ রেফ্রিজারেটরের তাপমাত্রায় (মাইনাস ২ থেকে মাইনাস ৮ ডিগ্রি সেলসিয়াস) ৩০ দিন সংরক্ষণ করা যাবে। আর মাইনাস ২০ ডিগ্রি সেলসিয়াসে রাখা যাবে ৬ মাস। ফলে মডার্নার টিকা বিতরণ করা তুলনামূলকভাবে সহজ হবে।
