২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভুটানের সঙ্গে কূটনৈতিক সম্পর্কে ইসরায়েল

ইসরায়েলের সঙ্গে এবার কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছে দক্ষিণ এশিয়ার দেশ ভুটান। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রণালয় একথা জানিয়েছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 13 Dec 2020, 10:56 PM

Updated : 08 Apr 2022, 01:46 AM

চার দেশের সঙ্গে এরই মধ্যে ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিক করার পদক্ষেপের পর সর্বশেষ ভুটানের সঙ্গেও নতুন সম্পর্কের এ ঘোষণা এল।

শনিবার ভারতে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত এবং ভুটানের রাষ্ট্রদূত দু’দেশের মধ্যে ‘আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক’ প্রতিষ্ঠায় একটি চুক্তি সই করেছেন।

“সম্পর্ক স্থাপনের লক্ষ্য নিয়ে দু’পক্ষের মধ্যে কয়েক বছর ধরে গোপন যোগাযোগের পর এই চুক্তি হয়েছে" বলে এক বিবৃতিতে জানিয়েছে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়।

চুক্তির ফলে দু’দেশের জনগণের জন্যই নানা সুযোগ-সুবিধা এবং সহযোগিতার দ্বার খুলে যাবে।

“এশিয়ায় ইসরায়েলের নিবিড় সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে ভুটানের সঙ্গে এই চুক্তি আরেক মাইলফলক”, বলেছেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী।

এর আগে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার ঘোষণা দিয়েছে চার দেশ- সংযুক্ত আরব আমিরাত(ইউএই), বাহরাইন, সুদান ও মরক্কো। এর মধ্যে মরক্কো সদ্য গত বৃহস্পতিবারেই ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করতে রাজি হওয়ার ঘোষণা দিয়েছে।

এই চার দেশই যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ওই সিদ্ধান্ত নিয়েছে। তবে ভুটান যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনের সিদ্ধান্ত নেয়নি, বরং ভারত এক্ষেত্রে ভূমিকা রেখেছে বলে ধারণা করা হচ্ছে।

পুরনো খবর:

ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার ঘোষণা মরক্কোর
ইসরায়েলের সঙ্গে শান্তিচুক্তিতে এবার সুদান
ইসরায়েল-ইউএই-বাহরাইন চুক্তি সই, ‘নতুন মধ্যপ্রাচ্যের সূর্যোদয়’