২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মার্কিন কূটনীতিকদের ভিসা অব্যাহতি সুবিধা বাতিল করছে চীন

হংকং এবং ম্যাকাও সফর করা পাসপোর্টধারী মার্কিন কূটনীতিকদের ভিসা অব্যাহতি সুবিধা বাতিল করবে চীন।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 10 Dec 2020, 05:55 PM

Updated : 08 Apr 2022, 01:45 AM

বৃহস্পতিবার বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দিয়েছেন চীনের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনিং।

যুক্তরাষ্ট্র গত সোমবার হংকং ইস্যুতে ১৪ চীনা কর্মকর্তার ওপর অর্থনৈতিক ও ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপের পর চীন এই পদক্ষেপ নিচ্ছে।

এতে করে হংকং এবং ম্যাকাউ সফরের জন্য যুক্তরাষ্ট্রের কূটনীতিকদের আলাদা ভিসার প্রয়োজন পড়বে। তাছাড়া, কয়েকজন মার্কিন কর্মকর্তার ওপরও পাল্টা নিষেধাজ্ঞা আরোপ করা হবে বলে সংবাদ সম্মেলনে জানিয়েছেন চুনিং।

তিনি বলেন, হংকং নিয়ে ‘অপ্রীতিকর’ আচরণের জন্য কয়েকজন মার্কিন কর্মকর্তা, কংগ্রেস সদস্য, বেসরকারি সংগঠনের কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করবে বেইজিং।

তবে তাদের নাম জানাননি চুনিং। নিষেধাজ্ঞা কখন থেকে কার্যকর হবে তাও বলেননি তিনি। চুনিং বলেন, যুক্তরাষ্ট্রকে নিষেধাজ্ঞার এই ‘বিপজ্জনক এবং ভুল পথে’ আর কদম না বাড়ানোর ব্যাপারে চীন সতর্ক করে দিচ্ছে।

হংকংয়ের বেইজিং-সমর্থিত সরকার গতমাসে ভিন্নমত দমনে চীনের দেওয়া নতুন ক্ষমতাবলে বিচারবিভাগ থেকে চার বিরোধীদলীয় সদস্যকে বহিস্কার করার প্রেক্ষপটে চীনা কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞার পদক্ষেপ নেয় যুক্তরাষ্ট্র।

চীন সঙ্গে সঙ্গেই বেইজিংয়ে নিযুক্ত শীর্ষ ভারপ্রাপ্ত মার্কিন কূটনীতিককে ডেকে পাঠিয়ে এর প্রতিবাদ জানিয়েছিল এবং এর জবাবে পাল্টা ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছিল।

পুরনো খবর:

১৪ চীনা কর্মকর্তার ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা
মার্কিন কূটনীতিক তলব করে নিষেধাজ্ঞার প্রতিবাদ চীনের