১৪ চীনা কর্মকর্তার ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা
হংকংয়ে ভিন্নমত দমনে চীনের ভূমিকার কারণে ১৪ চীনা কর্মকর্তাদের ওপর অর্থনৈতিক এবং ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। চীন এর পাল্টা জবাবের হুঁশিয়ারি দিয়েছে।
যুক্তরাষ্ট্র সোমবার এ নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে। নিষেধাজ্ঞা কবলিতদের মধ্যে আছেন চীনের ন্যাশনাল পিপলস কংগ্রেস স্ট্যান্ডিং কমিটির (এনপিসিএসসি) ভাইস চেয়ারপারসন।
এনপিসিএসসি’র বিরুদ্ধে হংকংয়ের জনগণের নির্বাচিত প্রতিনিধি পছন্দের সক্ষমতা কেড়ে নেওয়ার অভিযোগ করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও।
হংকংয়ের বেইজিং-সমর্থিত সরকার গতমাসে ভিন্নমত দমনে চীনের দেওয়া নতুন ক্ষমতাবলে বিচারবিভাগ থেকে চার বিরোধীদলীয় সদস্যকে বহিস্কার করেছে।
এর প্রতিবাদে পদত্যাগ করেন হংকংয়ের গণতন্ত্রপন্থি বিরোধীদলীয় আইনপ্রণেতারা। পশ্চিমা দেশগুলোও হংকংয়ের এ পদক্ষেপে উদ্বিগ্ন হয়ে ওঠে।
গোয়েন্দা তথ্য আদান-প্রদানে পাঁচ দেশ- অস্ট্রেলিয়া, ব্রিটেন, কানাডা, নিউ জিল্যান্ড এবং যুক্তরাষ্ট্রের ‘ফাইভ আইজ’ গ্রুপ গত মাসে বলেছে, সমালোচকদের মুখ বন্ধ করতেই ওই পদক্ষেপ নেওয়া হয়েছে। এ চর্চা বন্ধ করার জন্য বেইজিংকে আহ্বানও জানায় গ্রুপটি।
যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আওতায় ১৪ কর্মকর্তার যুক্তরাষ্ট্রে ভ্রমণ নিষিদ্ধ হওয়াসহ যুক্তরাষ্ট্রে তাদের সম্পদ জব্দ হবে। যুক্তরাষ্ট্রের কোনও ব্যক্তি বা কোম্পানির সঙ্গে তাদের লেনদেনও নিষিদ্ধ থাকবে।
যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের প্রশাসন মেয়াদের এই শেষ সময়ে এসেও বেইজিংয়ের ওপর চাপ বহাল রাখার নীতি নিয়েছে।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এক বিবৃতিতে বলেছেন, “হংকংয়ের প্রতিশ্রুত স্বায়ত্ত্বশাসন ক্ষুন্ন করার জন্য বেইজিংকে জবাবদিহি করতে যুক্তরাষ্ট্র যে এর মিত্র এবং অংশীদারদের সঙ্গে কাজ করে যাবে সেটিই সর্বসাম্প্রতিক এই নিষেধাজ্ঞার মধ্য দিয়ে জানান দেওয়া হয়েছে।”
