চীনা কর্মকর্তাদের ওপর নতুন নিষেধাজ্ঞার প্রস্তুতি যুক্তরাষ্ট্রের
হংকংয়ে ভিন্নমত দমনে চীনের ভূমিকার কারণে অন্তত এক ডজন চীনা কর্মকর্তার ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। সংশ্লিষ্ট তিন কর্মকর্তা একথা জানিয়েছেন।
যুক্তরাষ্ট্র সোমবারই এ পদক্ষেপ নিতে পারে। এ নিষেধাজ্ঞার কবলে পড়তে পারে চীনা কমিউনিস্ট পার্টি (সিসিপি)।
যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের প্রশাসন মেয়াদের এই শেষ সময়ে এসেও বেইজিংয়ের ওপর চাপ বহাল রাখার নীতি নিয়েছে।
চীনের পার্লামেন্ট বা ন্যাশনাল পিপলস কংগ্রেসের কর্মকর্তারা এবং সিসিপি’র সদস্যরাসহ মোট ১৪ জনের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ হতে পারে। এর আওতায় জব্দ হবে তাদের সব সম্পদ ।
চীন ছাড়াও হংকংয়ের কয়েকজন কর্মকর্তা এ নিষেধাজ্ঞার কবলে পড়তে পারেন বলে জানিয়েছেন দুই কর্মকর্তা। তবে তাদের নাম-পরিচয় এবং পদবী জানাননি তারা।
হংকংয়ের বেইজিং-সমর্থিত সরকার গতমাসে ভিন্নমত দমনে চীনের দেওয়া নতুন ক্ষমতাবলে বিচারবিভাগ থেকে চার বিরোধীদলীয় সদস্যকে বহিস্কার করেছে।
এর প্রতিবাদে পদত্যাগ করেন হংকংয়ের গণতন্ত্রপন্থি বিরোধীদলীয় আইনপ্রণেতারা। পশ্চিমা দেশগুলোও হংকংয়ের এ পদক্ষেপে উদ্বিগ্ন হয়ে ওঠে।
গোয়েন্দা তথ্য আদান-প্রদানে পাঁচ দেশ- অস্ট্রেলিয়া, ব্রিটেন, কানাডা, নিউ জিল্যান্ড এবং যুক্তরাষ্ট্রের ‘ফাইভ আইজ’ গ্রুপ গত মাসে বলেছে, সমালোচকদের মুখ বন্ধ করতেই ওই পদক্ষেপ নেওয়া হয়েছে। এ চর্চা বন্ধ করার জন্য বেইজিংকে আহ্বানও জানায় গ্রুপটি।
বিচারবিভাগ থেকে বিরোধীদলীয় সদস্যদেরকে বহিষ্কারের ঘটনার জেরে হোয়াইট হাউজের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা নভেম্বরেই এর বিরুদ্ধে নতুন করে ব্যবস্থা নেওয়ার অঙ্গীকার করেন।
অক্টোবরে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রবিভাগ হংকংয়ে দমনপীড়নের জন্য দায়ী ব্যক্তিদের সঙ্গে ব্যবসা করা আন্তর্জাতিক অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলোকে নিষেধাজ্ঞার মুখে পড়তে হবে বলে সতর্ক করে দেয়।
হংকংয়ে গণতন্ত্রপন্থি আন্দোলনে দমনপীড়নে ভূমিকার জন্য প্রধান নির্বাহী ক্যারি লামসহ সেখানকার সাবেক ও বর্তমান পুলিশ প্রধান ও অন্যান্য শীর্ষ কর্মকর্তাদের ওপর ওয়াশিংটন অগাস্টেই নিষেধাজ্ঞা আরোপ করেছে।
নভেম্বরে মার্কিন পররাষ্ট্র ও অর্থ মন্ত্রণালয় হংকংয়ের সরকার ও নিরাপত্তা বিভাগের আরও চার চীনা কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।
