মার্কিন কূটনীতিক তলব করে নিষেধাজ্ঞার প্রতিবাদ চীনের
বেইজিংয়ে নিযুক্ত শীর্ষ ভারপ্রাপ্ত মার্কিন কূটনীতিককে ডেকে পাঠিয়ে ১৪ চীনা কর্মকর্তার ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার প্রতিবাদ জানিয়েছে চীন। একইরকম পাল্টা পদক্ষেপ নেওয়ারও অঙ্গীকার করেছে দেশটি।
হংকংয়ে ভিন্নমত দমনে চীনের ভূমিকার কারণে যুক্তরাষ্ট্র সোমবার ওই চীনা কর্মকর্তাদের ওপর অর্থনৈতিক এবং ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে।
চীনের পররাষ্ট্রমন্ত্রণালয় মঙ্গলবার তাদের ওয়েবসাইটে বলেছে,চীনের উপপররাষ্ট্রমন্ত্রী ঝেং ঝেগুয়াং যুক্তরাষ্ট্রের দূতাবাসের ভারপ্রাপ্ত প্রতিনিধিকে ডেকে পাঠিয়ে এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানিয়েছেন।
চীন এই নিষেধাজ্ঞার জবাবে একইরকম পাল্টা পদক্ষেপ নেবে বলেও তিনি হুঁশিয়ার করেছেন।
হংকংয়ের বেইজিং-সমর্থিত সরকার গতমাসে ভিন্নমত দমনে চীনের দেওয়া নতুন ক্ষমতাবলে বিচারবিভাগ থেকে চার বিরোধীদলীয় সদস্যকে বহিস্কার করে।
এর প্রতিবাদে পদত্যাগ করেন হংকংয়ের গণতন্ত্রপন্থি বিরোধীদলীয় আইনপ্রণেতারা। পশ্চিমা দেশগুলোও হংকংয়ের এ পদক্ষেপে উদ্বিগ্ন হয়ে ওঠে।
গোয়েন্দা তথ্য আদান-প্রদানে পাঁচ দেশ- অস্ট্রেলিয়া, ব্রিটেন, কানাডা, নিউ জিল্যান্ড এবং যুক্তরাষ্ট্রের ‘ফাইভ আইজ’ গ্রুপ গত মাসে বলেছে, সমালোচকদের মুখ বন্ধ করতেই ওই পদক্ষেপ নেওয়া হয়েছে। এ চর্চা বন্ধ করার জন্য বেইজিংকে আহ্বানও জানায় গ্রুপটি।
হংকংয়ে গণতন্ত্রপন্থি আন্দোলনে দমনপীড়নে ভূমিকার জন্য প্রধান নির্বাহী ক্যারি লামসহ সেখানকার সাবেক ও বর্তমান পুলিশ প্রধান ও অন্যান্য শীর্ষ কর্মকর্তাদের ওপর ওয়াশিংটন অগাস্টেই নিষেধাজ্ঞা আরোপ করেছে।
নভেম্বরে মার্কিন পররাষ্ট্র ও অর্থ মন্ত্রণালয় হংকংয়ের সরকার ও নিরাপত্তা বিভাগের আরও চার চীনা কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। তার ওপর এবার নতুন করে আরও চীনা কর্মকর্তা মার্কিন নিষেধাজ্ঞার কবলে পড়ল।
