২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাপানের পাঠাগারে বই জীবাণুমুক্ত করতে ইউভি মেশিন

জাপান করোনাভাইরাস মহামারীর এই সময়ে পাঠাগারগুলোতে পাঠকদের স্বস্তি ফিরিয়ে আনার আশায় বই জীবাণুমুক্ত করতে ‘আল্ট্রাভায়লেট লাইট’ মেশিনের ব্যবহার শুরু করছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 09 Dec 2020, 11:35 PM

Updated : 08 Apr 2022, 01:45 AM

জাপানজুড়েই পাঠাগারে ইউভি মেশিন বসানো শুরু হয়েছে। যে মেশিন মাত্র ৩০ সেকেন্ডের মধ্যে অতিবেগুনি রশ্মির সাহায্যে বই জীবাণুমুক্ত করা এবং বইয়ের পাতার ধুলা পরিষ্কার করতে সক্ষম।

রাজধানী টোকিওর উত্তরের ইতাবাশি এলাকার ‘দ্য নারিমাসু লাইব্রেরি’ তে ২০১৮ সাল থেকেই ইউভি মেশিন আছে। কিন্তু আগের তুলনায় এখন এই মেশিনটি তিনগুণ বেশি ব্যবহার হচ্ছে বলে জানিয়েছেন পাঠাগারটির ব্যবস্থাপক।

ফ্রন্ট ডেস্কের পাশেই মেশিনটি রাখা। এতদিন পাঠকরা চাইলে বই নেওয়ার সময় এবং ফেরত দেওয়ার সময় সেটি ব্যবহার করতে পারতেন। তবে সেটা বাধ্যতামূলক ছিল না।

কিন্তু বুধবার সেখানে গিয়ে দেখা গেছে পুরো ভিন্ন চিত্র। পাঠাগারে আসা বেশির পাঠকই কোভিড মোকাবেলার হাতিয়ার হিসাবে মেশিনটির অভিনবত্বে আগ্রহী হয়ে উঠেছেন।

গ্রাহকদের একজন এরিকো ইসোজাকি, যিনি প্রতি সপ্তাহে শিশুদের বই নিতে ওই পাঠাগারে যান। তিনি বলেন, তার ছেলে মেশিনটি দেখে খুব খুশি হয়েছে।

‘‘সে মেশিনের নীলচে অতিবেগুনি রশ্মিতে রীতিমত মুগ্ধ। আমি ঠিক জানিনা এটি কতটা কার্যকর। তবে আমার মনে হয়, কিছু না থাকার চেয়ে এটি বরং ভাল।”

‘‘তার উপর এটা দেখতেও মজার। আমার বাচ্চা তো মেশিনটি দেখে খুবই আনন্দ পায়,” বলেন এরিকো।

পাঠাগারের রক্ষক এবং পাঠকদের অনেকেই বয়স্ক। তাই তাদের সুরক্ষিত রাখার বিষয়টিতে বাড়তি গুরুত্ব দিতে হয়। অনেকে বই জমা দেওয়ার সময়ও মেশিনে তা জীবাণুমুক্ত করে নেন।

এমন একজন ৭৭ বছরের ইয়াসুহিতো কোবাইয়াশি। তিনি বলেন, ‘‘এটি বই জীবাণুমুক্ত করে, তাই আমি বেশ স্বস্তিবোধ করি....তবে এটি আসলে কতটা কার্যকর সে ব্যাপারে আমি নিশ্চিত নই।”

কোভিড-১৯ মহামারী নিয়ন্ত্রণে অল্প কয়েকটি সফল দেশের অন্যতম জাপান। কিন্তু তারপরও দেশটি সংক্রমণ থেকে পুরোপুরি মুক্তি পায়নি।

সেখানে এখন সংক্রমণের তৃতীয় ঢেউ চলছে। ‍বুধবার পর্যন্ত জাপানে এক লাখ ৬৭ হাজার ৩৩০ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে। মারা গেছেন ২,৪৫৮ জন।