২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জন্মহার বাড়াতে কৃত্তিম বুদ্ধিমত্তার ঘটকালি পরিকল্পনা জাপানের

নারী-পুরুষ নিজেদের ভালোবাসার মানুষকে খুঁজে পেলে তবেই হয়ত সন্তান জন্মদানে উৎসাহিত হবে। নতুন শিশুর আগমনে জাপানে মারাত্মকভাবে হ্রাস পাওয়া জন্মহারে ঊর্ধ্বগতি আসবে। তাই এবার চার হাত এক করতে কৃত্রিম বুদ্ধিমত্তার আশ্রয় নিতে যাচ্ছে জাপান।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2020, 09:06 PM

Updated : 25 Jul 2022, 07:07 PM

দেশে জন্মহার বাড়াতে জাপান সরকার ‘আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স (এআই) ম্যাচমেকিং স্কিম’ এ তহবিল যোগান দেওয়ার পরিকল্পনা করেছে বলে জানিয়েছে বিবিসি।

জাপানের স্থানীয় প্রশাসন এরই মধ্যে নারী-পুরুষদেরকে জুটি খুঁজে দিতে কৃত্রিম বুদ্ধিমত্তার যে প্রয়োগ শুরু করেছে বা করতে চলেছে, আগামী বছর সরকারের নতুন তহবিল থেকে সেই প্রকল্পগুলোতে ভর্তুকি দেওয়া হবে।

গত বছর জাপানে আট লাখ ৬৫ হাজারের কম শিশুর জন্ম হয়েছে। যা এ যাবত কালে সর্বনিম্ন জন্মহারের নতুন রেকর্ড।

জাপানে দ্রুত বয়স্ক মানুষের সংখ্যা বাড়ছে। বিশ্বের মধ্যে জাপানেই জন্মহার সব থেকে কম। ফলে দেশটিতে দ্রুত কর্মক্ষম মানুষের সংখ্যা কমে আসছে। জাপান সরকার নানা প্রণোদনা ও ভর্তুকির মাধ্যমে জনগণকে সন্তান জন্মদানে উৎসাহিত করার চেষ্টা করছে। এর আওতায়ই কৃত্রিম বুদ্ধিমত্তার এই ঘটকালি ব্যবস্থা আরও ব্যাপক পরিসরে প্রয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে।

জন্মহার বাড়াতে আগামী বছর স্থানীয় প্রশাসনকে দুই বিলিয়ন ইয়েন (এক কোটি ৯০ লাখ মার্কিন ডলার) ভর্তুকি দেওয়ার পরিকল্পনা করেছে জাপান সরকার।

জাপানে অনেকেই ঘটক দিয়ে ঘটকালি করানোর প্রস্তাব দিচ্ছে। আবার কেউ কেউ ঘটকালি করতে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার চালু করছে। এআই প্রযুক্তির ব্যবহারে লোকজন নিজেদের সম্পর্কে যে তথ্য দেবে সেগুলো নিয়ে পর্যালোচনা আরও সুক্ষ্মভাবে করা সম্ভব হবে বলেই তাদের আশা।

জাপানের মন্ত্রিপরিষদের এক কর্মকর্তা বলেন, ‘‘আমরা স্থানীয় সরকারকে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করে ঘটকালি প্রকল্প শুরু করার বা পরিচালনা করার জন্য আরও ভর্তুকি দেওয়ার বিশেষ পরিকল্পনা করছি। আশা করি এ পদক্ষেপ দেশে জন্মহার বাড়াতে সহায়ক হবে।”

জাপানে ২০১৭ সালে মোট জনসংখ্যা ছিল ১২ কোটি ৮০ লাখ। তারপর থেকে জনসংখ্যা শুধু হ্রাসই পাচ্ছে। যেটা এ শতাব্দীর শেষ নাগাদ পাঁচ কোটি ৩০ লাখের নীচে নেমে আসবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।