২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কোভিড-১৯: ক্যালিফোর্নিয়াজুড়ে কঠোর লকডাউন

যুক্তরাষ্ট্রে কোভিড-১৯ সংক্রমণের গতি লাগামহীন হয়ে পড়েছে, প্রতিদিন লাখো মানুষ নতুন করে এ রোগে আক্রান্ত হচ্ছেন। হাসপাতালে রোগী উপচে পড়ছে, হাজারো মানুষ প্রাণ হারাচ্ছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউজ ডস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2020, 10:22 PM

Updated : 08 Apr 2022, 01:44 AM

সংক্রমণের বিস্তার রোধে যুক্তরাষ্ট্রের সবচেয়ে জনবহুল রাজ্য ক্যালিফোর্নিয়ার বেশিরভাগ অঞ্চলে নতুন করে কঠোর লকডাউন জারি করা হয়েছে। যার ফলে রাজ্যের চার কোটি বাসিন্দার প্রায় ৮৫ শতাংশকে বাড়িতে অবস্থান করতে হবে।

বিবিসি জানায়, আগামী অন্তত তিন সপ্তাহ এই লকডাউন জারি থাকবে। অর্থাৎ, ক্যালিফোর্নিয়ার বাসিন্দাদের এবার বড়দিনের ছুটি বাড়িতে বসেই কাটাতে হবে।

নতুন করে জারি করা লকডাউনে অনেক ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাবে। বাড়ির বাইরের অন্য কারও সঙ্গে দেখা-সাক্ষাৎ সম্পূর্ণ নিষিদ্ধ হচ্ছে।

রোববার যুক্তরাষ্ট্রে রেকর্ড সংখ্যায় কোভিড-১৯ আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

যুক্তরাষ্ট্রে গত কয়েক সপ্তাহ ধরে কোভিড-১৯ সংক্রমণ এবং এ রোগে মৃত্যুর গ্রাফ খাড়া উপরের দিকে উঠেছে।

বিশেষ করে গত মাসে প্রেসিডেন্ট নির্বাচনের ভোট এবং ‘থ্যাঙ্কসগিভিং ডে’র ছুটির পর। ‘থ্যাঙ্কসগিভিং ডে’ তে লম্বা ছুটি থাকায় ওই সময় লাখ লাখ আমেরিকান ভ্রমণে বের হন।

ক্যালিফোর্নিয়ায় নতুন করে যে লকডাউন আরোপ হয়েছে সেটি মূলত রাজ্যের দক্ষিণ অংশ এবং সেন্ট্রাল ভ্যালিতে কার্যকর হবে। তবে কয়েকদিনের মধ্যে রাজ্যের বাকি অংশও লকডাউনের আওতায় আসবে।

সান ফ্রানসিস্কোতেও আলাদা করে লকডাউন জারি করা হয়েছে। এর আগে গত মার্চে ক্যালিফোর্নিয়ায় লকডাউন জারি করা হয়েছিল।

নতুন বিধিনিষেধে কী বলা হয়েছে?

ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম নতুন যে নির্দেশ জারি করেছেন তাতে বলা হয়েছে, যখনই রাজ্যের পাঁচটি অঞ্চলের কোনওটির হাসপাতালগুলোর নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) শয্যা সংখ্যা ১৫ শতাংশের নিচে নেমে আসবে, তার ২৪ ঘণ্টার মধ্যে ওই অঞ্চলে লকডাউন কার্যকর হবে।

প্রথমে অন্তত তিন সপ্তাহ ওই লকডাউন কার্যকর থাকবে। তারপর আইসিইউ’তে খালি বেডের সংখ্যা ১৫ শতাংশের উপরে না উঠা পর্যন্ত লকডাউন চলবে।

নিউসম বলেন, ‘‘সংক্রমণের গতি কমিয়ে আনতে এবং হাসপাতালগুলোর উপর চাপ কমাতে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।”

ক্যালিফোর্নিয়ায় রোববার রেকর্ড ৩০ হাজার নতুন রোগী শনাক্ত হয়েছে। মহামারী শুরুর পর এখন পর্যন্ত সেখানে ১৩ লাখের বেশি মানুষ আক্রান্ত হয়েছে, মারা গেছে ২১ হাজারের বেশি।

পুরনো খবর:

করোনাভাইরাস: কঠোর লকডাউনের পথে ক্যালিফোর্নিয়া