ট্রাম্পের সঙ্গে ‘বিবাহ বিচ্ছেদ চান’ মেলানিয়া, ‘ক্ষণ গুণছেন’
নির্বাচনে হেরে যাওয়া যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প কবে হোয়াইট হাউজ ছেড়ে যাবেন সেই অপেক্ষায় প্রহর গুণছেন তার স্ত্রী মেলানিয়া। কারণ তিনি ট্রাম্পের সঙ্গে ‘বিবাহ বিচ্ছেদ’ চান।
ট্রাম্প-মেলানিয়ার সাবেক দুই সহযোগীর বরাত দিয়ে যুক্তরাজ্যের পত্রিকা ‘দ্য মেইল’ এর অনলাইন ভার্সনে রোববার এ খবর প্রকাশ করা হয়েছে।
গত মঙ্গলবারের ভোটে ডেমোক্র্যাটিক প্রার্থী জো বাইডেনের কাছে হেরে গেলেও পরাজয় স্বীকার না করে আইনি লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প। তার মধ্যেই এল এমন খবর।
২০০৫ সালে ট্রাম্প স্লোভেনিয়া বংশোদ্ভূত আমেরিকান ফ্যাশন মডেল মেলানিয়াকে বিয়ে করেন। মেলানিয়া তার তৃতীয় স্ত্রী। এ দম্পতির ব্যারন নামের একটি ছেলে আছে।
বিচ্ছেদের পর ব্যারন যেন তার বাবার কোটি কোটি মার্কিন ডলারের সম্পদের উত্তরাধিকার থেকে বঞ্চিত না হন তা নিশ্চিত করতে মেলানিয়া এরই মধ্যে এ সংক্রান্ত একটি চুক্তি করতে আলোচনা শুরু করেছেন বলে জানান মেলানিয়ার সাবেক উপদেষ্টা স্টেফানি উলকফ।
উলকফের দাবি, হোয়াইট হাউজেই ট্রাম্প এবং মেলানিয়ার শয়নকক্ষ আলাদা হয়ে গিয়েছিল। তারা এতদিন ‘শর্তসাপেক্ষে বৈবাহিক সম্পর্ক’ ধরে রেখেছিলেন।
ট্রাম্পের সাবেক রাজনৈতিক উপদেষ্টা ওমারোসা ম্যানিগোল্ট নিউম্যানও একই কথা বলেছেন বলে দাবি `দ্য মেইল’ এর।
নিউম্যানের বরাত দিয়ে পত্রিকাটি জানায়, ট্রাম্পের সঙ্গে মেলানিয়ার ১৫ বছরের বৈবাহিক সম্পর্ক ‘ইতোমধ্যেই শেষ হয়ে গেছে’।
নিউম্যান বলেন, ‘‘মেলানিয়া এখন তার (ট্রাম্পের) হোয়াইট হাউজ ছেড়ে যাওয়ার আগের প্রতিটি মিনিট গুণছেন। যেন তিনি বিবাহ বিচ্ছেদের আবেদন করতে পারেন।
“ট্রাম্প প্রেসিডেন্ট থাকা অবস্থায় যদি মেলানিয়া নিজের চূড়ান্ত অপমানের দিনগুলোর শেষ টানতে তাকে (ট্রাম্প) ছেড়ে যাওয়ার চেষ্টা করতেন তবে তিনি (ট্রাম্প) অবশ্যই তাকে শাস্তি দেওয়ার একটা পথ খুঁজে বের করতেন।”
মেলানিয়ার ট্রাম্পকে ছেড়ে যাওয়ার ইচ্ছার কথা এর আগেও খবরে এসেছে। এমনকী বলা হয়, ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের বিজয়ী হওয়ার খবরও তার কাছে অপ্রত্যাশিত ছিল।
ওই সময় ‘ইভিনিং স্ট্যান্ডার্ড’ এর খবরে বলা হয়, মেলানিয়া যখন ট্রাম্পের জয়ের খবর শোনেন এবং তাকে বলা হয়, এবার তাকে বসবাসের জন্য হোয়াইট হাউজে যেতে হবে তখন তিনি কান্নায় ভেঙে পড়েছিলেন।
নিউ ইয়র্ক ম্যাগাজিন পরে নতুন এক খবরে বলেছিল, ট্রাম্পের জয়ে খুশি হননি মেলানিয়া, তিনি হতাশায় কেঁদেছিলেন। তবে হোয়াইট হাউজ তখন এ খবর উড়িয়ে দিয়েছিল।
