২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চুপিসারে ট্রাম্পের কাছ থেকে ‘সরছেন’ কর্মকর্তারা

ভোটে হেরে যাওয়ার আভাস পেয়ে নির্বাচনী প্রচার শিবির ও হোয়াইট হাউসের বেশ কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তা চুপিসারে ডনাল্ড ট্রাম্পের কাছ থেকে সরে যেতে শুরু করেছেন বলে হোয়াইট হাউস ঘনিষ্ঠদের বরাত দিয়ে জানিয়েছে সিএনএন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2020, 04:05 AM

Updated : 18 Aug 2022, 04:03 PM

ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন শুক্রবার ভোটের হিসাবে পেনসিলভেইনিয়া ও জর্জিয়ায় ডনাল্ড ট্রাম্পকে টপকে যাওয়ার পর ওই কর্মকর্তারা সরতে শুরু করেন বলে সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে।

যে পাঁচটি রাজ্যের ভোটের ফল এখনও আসার অপেক্ষায় রয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি ইলেকটোরাল ভোট রয়েছে পেনসিলভেইনিয়ায়, ২০টি। এছাড়া জর্জিয়ায় ১৬, নর্থ ক্যারোলাইনায় ১৫, অ্যারিজোনায় ১১ ও নেভাডায় ৬টি ইলেকটোরাল ভোট রয়েছে।

এর মধ্যে পেনসিলভেইনিয়া, জর্জিয়া ও নর্থ ক্যারোলাইনায় বৃহস্পতিবার নাগাদ ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের চেয়ে এগিয়ে ছিলেন রিপাবলিকান প্রার্থী ডনাল্ড ট্রাম্প। তবে পোস্টাল ব্যালটের ওপর ভর করে শুক্রবার পাল্টে গেছে চিত্র, এখন শুধু নর্থ ক্যারোলাইনা ছাড়া সবগুলোতে এগিয়ে আছেন বাইডেন।

এখনও জয়-পরাজয়ের বিষয়ে সুনির্দিষ্ট করে কিছু বলা না গেলেও এরইমধ্যে ২৫৩টি ইলেকটোরাল ভোট পক্ষে আসা বাইডেনেরই জয়ের আভাস মিলছে। শুধু পেনসিলভেইনিয়ায় জয় এলেও প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার জন্য প্রয়োজনীয় ২৭০টির বেশি ইলেকটোরাল ভোট চলে আসবে তার পক্ষে। সেখানে জর্জিয়া, অ্যারিজোনা ও নেভাডায়ও ট্রাম্পের চেয়ে এগিয়ে আছেন তিনি।

তাছাড়া পোস্টাল ভোট গণনা শুরুর পর চিত্র পাল্টাতে থাকায় ডেমোক্র্যাট শিবিরের আত্মবিশ্বাস বেড়েছে। জয়-পরাজয় নির্ধারণে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ানো যে পেনসিলভেইনিয়ায় একদিন আগেও এক লাখের বেশি ভোটে এগিয়ে ছিলেন ট্রাম্প, সেখানে এখন ১৩ হাজারের বেশি ভোটে এগিয়ে গেছেন বাইডেন।

ট্রাম্পকে টপকে যাওয়া আরেক স্টেট জর্জিয়ায় ৯৯ শতাংশ ভোট গণনা শেষে বাইডেন এগিয়ে আছেন ১ হাজার ৬১৬ ভোটে। এছাড়া ৯২ শতাংশ ভোট গণনা হওয়া নেভাডায় ২০ হাজার ১৩৭ এবং ৯৪ শতাংশ ভোট গণনা হওয়া অ্যারিজোনায় ৩৯ হাজার ৭৬৯ ভোটে এগিয়ে আছেন বাইডেন।

আমি মনে করি শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর হবে: ট্রাম্পের উপদেষ্টা  

এই পরিস্থিতিতে ট্রাম্প প্রশাসনের গুরুত্বপূর্ণ একজন উপদেষ্টা প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা নিয়ে সিএনএনকে বলেন, “এটা শেষ হয়ে গেছে।”  

তবে ট্রাম্প কী করবেন, তিনি পরাজয় মেনে নেবেন কি না তা নিয়ে উদ্বেগ রয়েছে বলে জানান ওই উপদেষ্টা।

ট্রাম্প কী করতে পারেন প্রশ্ন করা হলে তিনি বলেন, “ঈশ্বর, কে জানে?”

ভোটের ফল নিয়ে ট্রাম্পের লড়াইয়ের অধিকার থাকলেও যে প্রক্রিয়ায় বিষয়টি নিয়ে আগানো হচ্ছে, তা ঠিক নয় বলে মনে করেন তিনি। এ নিয়ে ট্রাম্পের প্রচার শিবিরেও প্রশ্ন উঠেছে বলে জানান তিনি।

ট্রাম্পের নির্বাচনী প্রচারের আরেক উপদেষ্টা সিএনএনকে বলেন, নির্বাচন ‘চুরি হয়ে যাওয়ার’ যে অভিযোগ ট্রাম্প করেছেন, সে বিষয়ে তিনি ক্রমশ একা হয়ে পড়ছেন।

এই দুই উপদেষ্টার ভাষ্যমতে, এখনও প্রেসিডেন্ট ট্রাম্পের আশপাশে এমন কিছু পরামর্শক ও সহযোগী রয়েছেন যারা সেইটাই বলেন যেটা তিনি শুনতে চান। এই বিষয়টিই নাটক দীর্ঘায়িত করবে বলে তাদের ধারণা।

তবে এরইমধ্যে ট্রাম্পের সহযোগীদের মধ্যে কেউ কেউ ২০২৪ সালের নির্বাচন নিয়ে ভাবতে শুরু করেছেন বলে এক উপদেষ্টার বরাত দিয়ে সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে।