২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পেনসিলভেইনিয়া নিয়ে উত্তেজনা বাড়ছে

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প পেনসিলভেইনিয়ায় ‘বড় আইনি জয়’ পাওয়ার দাবি করে টুইট করেছেন। ওদিকে, ভোট গণনা স্থগিতের দাবিতে ট্রাম্প শিবিরের করা মামলা ‘ভুল তথ্যের প্রচার’ বলছে জো বাইডেন শিবির।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2020, 12:24 AM

Updated : 18 Aug 2022, 04:03 PM

কিছুক্ষণ আগে এক টুইটে ট্রাম্প লেখেন, ‘‘পেনসিলভেইনিয়াতে বড় আইনি জয়।”

 

তার আগে এক টুইটে সেখানে ভোট গণনা বন্ধ করতে বলেন ট্রাম্প।

ভোট গণনা যত এগুচ্ছে ইলেকটোরাল কলেজ ভোটে তত পিছিয়ে যাচ্ছেন ট্রাম্প। তাই ভোট গণনা স্থগিতের দাবিতে এরই মধ্যে ট্রাম্পের প্রচার শিবির থেকে জর্জিয়া, পেনসিলভেইনিয়া, উইসকনসিন ও মিশিগান রাজ্যে মামলা করা হয়েছে।

পেনসিলভেইনিয়ায় মঙ্গলবার ভোটের দিনের তিনদিন পর আসা পোস্টাল ব্যালটও বিবেচনায় নিয়ে তা গণনার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। ওই সিদ্বান্তের বিরুদ্ধে আপিল করেছে রিপাবলিকান শিবির।

২০টি ইলেকটোরাল কলেজ ভোট নিয়ে পেনসিলভেইনিয়ায় সবসময়ই গুরুত্বপূর্ণ ‘ব্যাটলগ্রাউন্ড’। ট্রাম্প এখনও এই রাজ্যে এগিয়ে আছেন। কিন্তু পোস্টাল ভোট গণনা শুরু হওয়ার পর বাইডেনের সঙ্গে তার ব্যবধান কমতে শুরু করেছে। এখনো সেখানে লাখ লাখ পোস্টাল ভোট গণনা বাকি আছে। তাই এখন ভোট গণনা বন্ধে মরিয়া ট্রাম্প শিবির।

আর বাইডেন শিবির বলছে, ট্রাম্প ও তার দল এখনও ‘মামলা করার মত ব্যর্থ কৌশল অবলম্বন’ করে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে।

বাইডেনের প্রচার শিবিরের মুখপাত্র জেন ও’ম্যালি ডিলন এক সংক্ষিপ্ত সংবাদ ব্রিফিংয়ে বলেন, ‘‘জো বাইডেন যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট হতে যাচ্ছেন, এটি এখন স্পষ্ট। এসব মামলা তাই মানুষকে বিভ্রান্ত করা এবং ভোটের ফলাফল প্রকাশে দেরি করিয়ে দেওয়ার চেষ্টা ছাড়া আর কিছু নয়।”

তিনি মিশিগানে বাইডেনের জয় দাবি করে বলেন, পেনসিলভেইনিয়াতেও তিনি ভাল করছেন।

বলেন, ‘‘আজকের দিন শেষে এবং আশাকরি আজকের দিনে শেষে আমরা পেনসিলভেইনিয়াতে স্পষ্ট ব্যবধানে জিতে যাব।”

বাইডেনের আইনজীবী বলেন, ‘‘এইসব মামলা বড় ধরনের ভুল তথ্য প্রচারের একটি অংশ মাত্র। ট্রাম্পের সমর্থকরা আমাদের নির্বাচনী ব্যবস্থাকে আঘাত করার চেষ্টা করছে।”

‘ভোটে কারচুপি হচ্ছে’ অভিযোগ তুলে ট্রাম্প শিবির এসব মামলা করছে। যদিও তারা তাদের অভিযোগের পক্ষে এখন পর্যন্ত কোনো প্রমাণ দেখাতে পারেনি।

তবে তারা এরই মধ্যে ফিলাডেলফিয়ায় একটি ভোগ গণনা কেন্দ্রে প্রবেশে আদালতের অনুমতি যোগাড় করে ফেলার দাবি করেছে।

ফ্লোরিডার সাবেক অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি জানান, মাত্রই জারি হওয়া একটি ‘কোর্ট অর্ডারে’ তাদের ফিলাডেলফিয়ার ভোট গণনা কেন্দ্রে ‘তাৎক্ষণিকভাবে ঢোকার’ অনুমতি দেওয়া হয়েছে।

‘‘এটা খুবই জরুরি। কারণ তারা আমাদের দূরে দূরে রাখছে। আমাদের ভোট পর্যবেক্ষকদের ভোটিং প্রক্রিয়া দেখতে দেওয়া হচ্ছে না।”