২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এটা স্পষ্ট, জয় আমাদেরই হচ্ছে: বাইডেন

অত্যন্ত গুরুত্বপূর্ণ দুই ব্যাটলগ্রাউন্ড রাজ্য মিশিগান ও উইসকনসিনে জয় পাওয়ার পর ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন রিপাবলিকান ডনাল্ড ট্রাম্পকে হারিয়ে প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হবেন বলে ভবিষ্যদ্বাণী করেছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2020, 10:47 AM

Updated : 10 Oct 2022, 07:32 PM

যুক্তরাষ্ট্রের ওই দুটি মিডওয়েস্টার্ন রাজ্য জয়ের মধ্যদিয়ে ডেমোক্র্যাট প্রার্থী হোয়াইট হাউসে যাওয়ার দৌঁড়ে অনেকটা এগিয়ে গেছেন। ২৭০টি ইলেটোরাল ভোট পেলেই একজন প্রার্থী হোয়াইট হাউসের চাবি পেতে পারেন, বাইডেন এখন সেই চাবির খুব কাছে পৌঁছে গেছেন।  

বুধবার নিজ রাজ্য ডেলাওয়্যারে দলীয় ভাইস প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিসকে নিয়ে জনসম্মুখে এসে বাইডেন বলেন, “এটি স্পষ্ট, আমরা প্রেসিডেন্ট নির্বাচনে জয়ের জন্য প্রয়োজনীয় ২৭০ ইলেকটোরাল ভোট পাওয়ার পথে পর্যাপ্ত রাজ্যে জয় পেতে যাচ্ছি।

“আমি এখানে আমাদের জয়ের ঘোষণা দিতে আসিনি। এসেছি এটা জানাতে যে যখন সব গণনা শেষ হবে, আমাদের বিশ্বাস জয়ী আমরাই হব।”

প্রত্যেকটি ভোট অবশ্যই গণনা করতে হবে, বলেন তিনি। 

“কেউ আমাদের গণতন্ত্র আমাদের কাছ থেকে ছিনিয়ে নিতে যাচ্ছে না, এখনো না, কখনোই না। আমেরিকার (লোকেরা) অনেকদূর চলে এসেছে।”