কাবুল বিশ্ববিদ্যালয়ে হামলায় মৃত বেড়ে ৩৫, বাড়ছে ক্ষোভ
আফগানিস্তানের কাবুল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বন্দুকধারীদের হামলায় মৃতের সংখ্যা বেড়ে ৩৫ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন সরকারি কর্মকর্তারা।
শিক্ষার্থীরা এই হামলার বিরুদ্ধে ক্ষোভে ফুঁসে উঠেছে। বিশ্ববিদ্যালয়ের বাইরে একশ’ শিক্ষার্থী জড়ো হয়ে বিক্ষোভ করেছে। দেশজুড়ে চলছে শোক। মঙ্গলবার বহু জায়গায় পতাকা অর্ধনমিত রাখা হয়।
সোমবারের ওই হামলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকধারীদের কয়েকঘন্টা গুলিবিনিময়ের পর তিন জঙ্গি নিহত হওয়ার মধ্য দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ইসলামিক স্টেট (আইএস) এ হামলার দায় স্বীকার করেছে।
মঙ্গলবার দুই সরকারি কর্মকর্তা রয়টার্সকে বলেছেন, নিহতরা বেশিরভাগই শিক্ষার্থী। আহত হয়েছে আরও প্রায় ৫০ জন। গুলি থেকে বাঁচতে পালাতে গিয়েও অনেকে আহত হয়েছেন।
তবে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের হিসাবে হামলায় নিহতের সংখ্যা ২২ এবং আহতের সংখ্যা ২৭ উল্লেখ করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা বলছেন, একটি বিস্ফোরণের পর হামলা শুরু হয়। তারপর বন্দুকধারীদের সঙ্গে আফগানিস্তানের নিরাপত্তা বাহিনীর লড়াই শুরু হয়। ১০ দিনের মধ্যে আফগানিস্তানের বিদ্যাপীঠে এটি ছিল দ্বিতীয় হামলার ঘটনা।
আফগানিস্তানে একটি শান্তিচুক্তির চেষ্টায় কাতারে সরকারি এবং তালেবান আলোচকদের চলমান বৈঠক এবং আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রের সেনা ফিরিয়ে নেওয়ার মধ্যে দেশটিতে সম্প্রতি সহিংসতা বেড়ে গেছে।
মঙ্গলবার হামলার প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের সামনে বিক্ষোভে জড়ো হওয়া শিক্ষার্থীরা অভিযোগ করে বলেছে, তালেবানের সঙ্গে দোহায় শান্তি আলোচনা সহিংসতা কমাতে কোনও কাজেই আসছে না।
