কমলার সম্মানে কংগ্রেস সদস্যর পনির টিক্কা, টুইটারে ব্যঙ্গ
যুক্তরাষ্ট্রের নির্বাচনে ভাইস প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিসের সম্মানে নামকরা ভারতীয় খাবার পনিরের টিক্কা তৈরি করেছেন মার্কিন কংগ্রেসে ডেমোক্র্যাটিক দলের ভারতীয়-মার্কিন সদস্য প্রমিলা জয়পাল।
ভারতীয়-বংশোদ্ভূত কমলা হ্যারিস সদ্যই অনলাইন প্রচারে যোগ দিয়ে বলেছিলেন, ভারতের খাবারের মধ্যে তার যে কোনও ধরনের টিক্কা পছন্দ।
আর তাই নির্বাচনকে সামনে রেখে সোমবার রাতেই জয়পাল পনিরের টিক্কা তৈরি করে টুইটারে ছবি পোস্ট করে জানান, কমলার সম্মানেই তার এই রান্না।
তখন থেকেই ইন্টারনেটে ঘুরছে এই ছবি। ভারতে এই টিক্কা নিয়ে ব্যাঙ্গও শুরু হয়েছে বলে জানিয়েছে বিবিসি।
কারণ, জয়পাল উপরে ধনে পাতা ছড়ানো ঘন ঝোলের পনির টিক্কা তৈরি করেছেন। কিন্তু প্রকৃত পনির টিক্কা আসলে ঝোল নয় বরং অনেকটা শিকে গাঁথা শুকনো কাবাবের মতো একটি খাবার।
তাই জয়পালের ভুল রান্নার সমালোচনা করতে ছাড়েনি টুইটার ব্যবহারকারীরা। আসল পনির টিক্কার ছবিও পোস্ট করা হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
