২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

করোনাভাইরাস থেকে বাঁচাবে বিসিজি টিকা?

সেই ১৯২১ সাল থেকে চিকিৎসামূলকভাবে ব্যবহার হয়ে আসা বিসিজি টিকা করোনাভাইরাস থেকে মানুষের জীবন বাঁচাতে পারে কিনা তা খতিয়ে দেখতে এর কার্যকারিতা পরীক্ষা করতে শুরু করেছেন যুক্তরাজ্যের বিজ্ঞানীরা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2020, 08:28 PM

Updated : 08 Apr 2022, 01:27 AM

ব্যাসিলাস ক্যালমেট-গুয়েরিন (বিসিজি) টিকা মূলত যক্ষা প্রতিরোধে আবিষ্কার করা হয়েছিল। কিন্তু পরবর্তীতে এ টিকা অন্যান্য রোগ সংক্রমণ থেকেও মানুষকে রক্ষা করতে পারে বলে কিছু প্রমাণ পাওয়া গেছে।

যুক্তরাজ্যের এক্সেটার মেডিকেল স্কুলের প্রফেসর জন ক্যাম্পবেল বলেছেন, “বিসিজি টিকা সর্বজনীনভাবে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। ফলে টিকাটি কোভিড-১৯ থেকেও কিছুটা সুরক্ষা দিতে কাজে আসতে পারে।”

বিশ্বে প্রতিবছরই ১০ কোটির বেশি শিশুকে যক্ষার (টিবি) টিকা দেওয়া হয়। এ টিকা প্রাপ্তবয়স্কদেরও করোনাভাইরাসের বিরুদ্ধে লড়তে সক্ষম করে তুলতে পারে, বলছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।

প্রফেসর ক্যাম্পবেল বলেন, “কোভিড-১৯ এর ঝুঁকিতে যারা আছেন, তাদের সুরক্ষায় বিসিজি টিকা সহায়ক হয় কিনা তা-ই আমরা নিশ্চিত হওয়ার চেষ্টা করছি। তা যদি হয়, তাহলে আমরা সহজলভ্য এবং সাশ্রয়ী এ টিকা দিয়েই মানুষের জীবন বাঁচাতে পারব।”

বিবিসি জানায়, ইংল্যান্ডের এক্সেটার বিশ্ববিদ্যালয়ের বিসিজি টিকা পরীক্ষায় প্রায় ১ হাজার মানুষ অংশ নেবে। একটি আন্তর্জাতিক উদ্যোগের অংশ হসাবে যুক্তরাজ্যের এ পরীক্ষা শুরু করেছে।

অস্ট্রেলিয়া, নেদারল্যান্ডস, স্পেন, ব্রাজিলেও পরীক্ষা চলছে এবং এসব পরীক্ষায় মোট ১০ হাজার মানুষ অংশ নিচ্ছে। কোভিড-১৯ থেকে রক্ষাকবচ হিসাবে বিসিজি টিকার পরীক্ষা চলছে দক্ষিণ আফ্রিকাতেও।

যুক্তরাজ্যের ট্রায়ালে শীতের আগে দিয়ে স্বেচ্ছাসেবক নেওয়া হচ্ছে। শীতের সময়টিতে করোনাভাইরাস সংক্রমণ ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে কর্মকর্তারা সতর্ক করেছেন।

দেশটি এরই মধ্যে দৈনিক রেকর্ড করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে হিমশিম খাচ্ছে। এমন একটি সময়ে বিসিজি টিকা এ রোগের বিরুদ্ধে লড়াইযে মানুষের জন্য সহায়ক হতে পারে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) তেদ্রোস আধানম গেব্রিয়েসুস চিকিৎসা সাময়িকী ল্যানসেট এর এক নিবন্ধে বলেছেন, কোভিড-১৯ এর একটি সুনির্দিষ্ট ও কার্যকর টিকা আসার আগ পর্যন্ত পরিস্থিতি মোকাবেলায় কাজে আসতে পারে বিসিজি টিকা।

কোভিড-১৯ এবং ভবিষ্যতে কোনওরকম মহামারীর ক্ষেত্রেও এই টিকা গুরুত্বপূর্ণ হাতিয়ার হয়ে উঠবে বলে মত তার।

তবে বিসিজি টিকা যে দীর্ঘমেয়াদে সুরক্ষা দেবে তা নয়। আর তাই  শৈশবে যারা বিসিজি টিকা নিয়েছেন, তাদের এখন এই টিকা থেকে উপকার পেতে হলে টিকাটি আবার নেওয়ার প্রয়োজন পড়বে।

বিবিসি জানায়, পূর্ববর্তী কয়েকটি ক্লিনিক্যাল পরীক্ষায় দেখা গেছে, গিনি বিসাউয়ে বিসিজি টিকা ৩৮ শতাংশ নবজাতককে নিউমোনিয়া এবং সেপসিস থেকে সুরক্ষা দিয়েছে।

অন্যদিকে, দক্ষিণ আফ্রিকায় বিসিজি টিকা নিয়ে গবেষণায় দেখা গেছে, এ টিকায় নাক, গলা  এবং ফুসফুসের সংক্রমণ ৭৩ শতাংশ কমেছে; আর নেদারল্যান্ডসে দেহে হলুদ জ্বরের ভাইরাসের প্রকোপ কমিয়েছে এই টিকা।