২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মন্ত্রী আক্রান্ত, কোয়ারেন্টিনে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

কোভিড-১৯ পজিটিভ এক মন্ত্রীর সঙ্গে বৈঠকের পর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মুহিদ্দিন ইয়াসিন ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকবেন বলে জানিয়েছেন।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 05 Oct 2020, 07:19 PM

Updated : 08 Apr 2022, 01:26 AM

সোমবার এক বিবৃতিতে ইয়াসিন ধর্ম বিষয়ক মন্ত্রী জুলকিফলি মোহাম্মদ আল বাকরির আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত করে বলেছেন, পরীক্ষায় বাকরির করোনাভাইরাস পজিটিভ ফল এসেছে।

এরপরই গত শনিবার মালয়েশিয়ার জাতীয় নিরাপত্তা পরিষদের কোভিড-১৯ সংক্রান্ত বৈঠকে বাকরির ঘনিষ্ঠ সংস্পর্শে যারা ছিলেন তাদের জন্য বাড়িতে ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকার নির্দেশ জারি হয়।

সে নির্দেশ মেনে এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরামর্শেই প্রধানমন্ত্রী তার বাড়িতে ১৪ দিন কোয়ারেন্টিনে থাকবেন বলে জানিয়েছেন।

তবে এতে সরকারি কাজে কোনও বিঘ্ন ঘটবে না বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রী ইয়াসিন। তিনি বলেন, “আমি বাড়ি থেকেই কাজ চালিয়ে যাব এবং প্রয়োজনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠক করব।”

মালয়েশিয়ার স্বাস্থ্যমন্ত্রণালয় সোমবার দেশটিতে নতুন ৪৩২ জন নতুন করোনাভাইরাস রোগী শনাক্ত হওয়ার তথ্য জানিয়েছে। মহামারীর শুরু থেকে একদিনে শনাক্ত হওয়া রোগীর সংখ্যায় এটি নতুন রেকর্ড।

উচ্চসংক্রমণের এই ধারা চলতে থাকলে করোনাভাইরাসের সব কড়াকড়ি আবার আরোপ করা হতে পারে বলে জানিয়েছে মালয়েশিয়া কর্তৃপক্ষ। করোনাভাইরাসের ঊর্ধ্বগতির জন্য মালয়েশিয়ায় রাজনীতিবিদরা জনরোষের মুখে আছে।