২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মোটর শোভাযাত্রা করে সমালোচনায় ট্রাম্প

যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প হাসপাতালের বাইরে থাকা সমর্থকদের বিস্মিত করে দিতে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে সমালোচনার মুখে পড়েছেন। ট্রাম্পের এই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন চিকিৎসা বিশেষজ্ঞরা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2020, 06:18 PM

Updated : 08 Apr 2022, 01:26 AM

করোনাভাইরাসে আক্রান্ত প্রেসিডেন্ট এই মোটর শোভাযাত্রা করে তার দেহরক্ষীসহ  গাড়ি চালকের স্বাস্থ্যকে ঝুঁকির মুখে ফেলেছেন বলে সমালোচনা করেছেন অনেকেই।

ওয়ালটার রিড ন্যাশনাল মিলিটারি সেন্টারের সামনে একটি কালো রঙের এসইউভির পেছনের আসনে বসা মুখে মাস্ক পরা ৭৪ বছর বয়সী ট্রাম্প রোববার সমর্থকদের উদ্দেশ্যে হাত নাড়েন।

এ সময় তার গাড়িবহর ধীরে ধীরে এগিয়ে যায়। আর ‘ট্রাম্প ২০২০’ পতাকা হাতে জড়ো হওয়া সমর্থকরা ‘ইউএসএ! ইউএসএ!’ বলে শ্লোগান দেয়। গত শুক্রবার হাসপাতালে ভর্তি হওয়ার পর এটি জনসম্মুখে ট্রাম্পের প্রথম উপস্থিতি ছিল।

বিবিসি জানায়, স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, প্রেসিডেন্টের স্বল্প সময়ের এই মোটর শোভাযাত্রায় করোনাভাইরাসের চিকিৎসা চলার এই সময়ে তার কোয়ারেন্টিনে থাকার স্বাস্থ্যবিধি লঙ্ঘিত হয়েছে। তাছাড়া, তার কাছ থেকে অন্যরাও সংক্রমিত হওয়ার ঝুঁকিতে পড়েছে।

প্রেসিডেন্টের এসইউভি গাড়ি বুলেটপ্রুফ এবং রাসায়নিক হামলা রোধী। এ ধরনের গাড়ির মধ্যে থাকা প্রত্যেকের ক্ষেত্রেই সংক্রমণের ঝুঁকি বেশি, বলছেন হাসপাতালেরই এক চিকিৎসক জেমস ফিলিপ।

তাই প্রেসিডেন্টের গাড়িতে যারাই ছিলেন তাদেরকেই এখন ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকবে হবে বলে জানান তিনি।

স্বাস্থ্য বিশেষজ্ঞ এবং চিকিৎসকদের পাশাপাশি ডেমোক্র্যাটরাও ট্রাম্পের সমালোচনা করেছেন।  মার্কিন প্রতিনিধি পরিষদের এক সদস্য  টুইটে বলেছেন, “আমাদের নেতৃত্ব দরকার, কোনও ফটোশুটের সুযোগের সদ্ব্যাবহার নয়।”

ওদিকে, হোয়াইট হাউজ ট্রাম্পের এই মোটর শোভাযাত্রার সাফাই দিয়ে বলেছে, প্রেসিডেন্ট এবং তার সঙ্গে থাকা অন্যান্যদের জন্য এই শোভাযাত্রায় যথাযথ পূর্ব সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছিল। পারসোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট (পিপিই)’ও ছিল।

ট্রাম্প যখন করোনাভাইরাসকে তোয়াক্কা না করে এমন মোটর শোভাযাত্রা করছেন, তখন এর ঠিক বিপরীত চিত্রই দেখা যাচ্ছে তার স্ত্রী মেলানিয়ার ক্ষেত্রে।

এনবিসি নিউজ জানিয়েছে, মেলানিয়া করোনাভাইরাসের মৃদু উপসর্গ নিয়ে হোয়াইট হাউসেই আছেন। তিনি এমনকী হাসপাতালের স্টাফরা সংক্রমণের ঝুঁকিতে পড়তে পারে ভেবে স্বামীকে দেখতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

নামপ্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা শনিবার এনসিবি কে বলেছেন, “তার (মেলানিয়া) কোভিড-১৯ আছে। তাকে হাসপাতালে নিতে গেলে যে ড্রাইভার গাড়ি চালাবেন তিনি এবং যে চিকিৎসাকর্মীরা তাকে ট্রাম্পের কাছে নিয়ে যাবেন তারা সংক্রমণের ঝুঁকিতে পড়বেন।”