২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানে ট্রাক বোমা হামলায় নিহত ১৫

আফগানিস্তানের নানগারহার প্রদেশে ট্রাক বোমা হামলায় অন্তত ১৫ জন নিহত ও বহু লোক আহত হয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2020, 08:45 PM

Updated : 08 Apr 2022, 01:25 AM

শনিবার প্রদেশটির গনি খেল জেলার এ ঘটনায় হতাহতদের অধিকাংশই বেসামরিক বলে জানিয়েছেন প্রাদেশিক সরকারের মুখপাত্র আতাউল্লাহ খুগিয়ানি। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন তিনি।

নানগারহার প্রাদেশিক পরিষদের সদস্য ওবাইদুল্লাহ শিনওয়ারি জানিয়েছেন, বিস্ফোরণে ৫২ জন আহত হয়েছেন।

তাৎক্ষণিকভাবে কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তারিক আরিয়ান এ হামলার জন্য তালেবান বিদ্রোহীদের দায়ী করেছেন। গত দুই সপ্তাহে গোষ্ঠীটি ৬৫০টি হামলা চালিয়েছে আর তাতে ৬৯ জন বেসামরিক নিহত ও ১৪১ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন তিনি।

রয়টার্স বলেছে, এসব বিষয়ে মন্তব্যের জন্য ফোন করা হলেও তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি তালেবান।

আফগানিস্তানে কয়েক দশক ধরে চলা লড়াইয়ের ইতি ঘটানোর লক্ষে কাতারের রাজধানী দোহায় দেশটির সরকার ও তালেবানের মধ্যে শান্তি আলোচনা চলছে। সরকার ও আন্তর্জাতিক সম্প্রদায় অস্ত্রবিরতি বা সহিংসতা হ্রাসের আহ্বান জানালেও তা প্রত্যাখ্যান করেছে বিদ্রোহী গোষ্ঠীটি।

সহিংসতা হ্রাসের একটি পর্বের পর ফেব্রুয়ারিতে তালেবানের সঙ্গে সেনা প্রত্যাহারের চুক্তি করেছে যুক্তরাষ্ট্র। এতে দেশটিতে শান্তির একটি সম্ভাবনা দেখা দিলেও তারপর থেকে সহিংসতা ফের বৃদ্ধি পেতে শুরু করে।

এক টুইটে আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় আরও জানিয়েছে, শুক্রবার রাতে বলখ প্রদেশে আফগানিস্তানের সরকারি বাহিনীগুলো তালেবানের একজন গুরুত্বপূর্ণ সদস্যকে হত্যা করেছে এবং আরও পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে।