২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘মহামারী নিয়ে জুয়া খেলার খেসারত দিতে হল ট্রাম্পকে’

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ও তার স্ত্রী মেলানিয়ার করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর প্রকাশের পর কড়া ভাষায় নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছে চীন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2020, 06:02 PM

Updated : 08 Apr 2022, 01:25 AM

চীনের রাষ্ট্রায়াত্ত পত্রিকা গ্লোবাল টাইসম-র প্রধান সম্পাদক হু জাইজিন টুইটারে লেখেন, ‘‘প্রেসিডেন্ট ট্রাম্প কোভিড-১৯ মহামারী নিয়ে জুয়া খেলেছেন এবং এখন তাকে এবং ফার্স্ট লেডিকে এর খেসারত দিতে হচ্ছে।”

“তাদের আক্রান্ত হওয়ার এ খবর যুক্তরাষ্ট্রে মহামারী পরিস্থিতির ভয়াবহতাকে তুলে ধরেছে। এটি ট্রাম্প এবং যুক্তরাষ্ট্রের ইমেজে নেতিবাচক প্রভাব ফেলবে। এমনকী এটি এখন হয়ত ট্রাম্পের নির্বাচনী প্রচারেও নেতিবাচক প্রভাব ফেলবে।”

চীনে টুইটার নিষিদ্ধ হলেও হু সামাজিক যোগাযোগ মাধ্যমের এ প্ল্যাটফর্মে খুবই সক্রিয়। নিয়মিত তিনি নানা বিষয়ে টুইট করেন।

ট্রাম্প ও ডেমোক্রেটিক প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেনের প্রথম নির্বাচনী টেলিভিশন বির্তকেরও কড়া সমালোচনা করেছেন হু।

বলেন, ‘‘যুক্তরাষ্ট্রের রাজনীতির শীর্ষ পর্যায়ে এত বিশৃঙ্খলা দেশটির সমাজ ব্যবস্থায় বিভক্তি এবং অসন্তোষের প্রতিফলন। এটা যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ব্যবস্থায় থাকা সুবিধাগুলোর দ্রুত অবক্ষয়ের কথাও বলছে।”