উত্তেজনা হ্রাসে কাতারের মধ্যস্থতায় ইসরায়েল-হামাস সমঝোতা
ফিলিস্তিনের গাজা উপত্যকায় কোভিড-১৯ সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ছে। এ পরিস্থিতিতে কাতারের মধ্যস্থতায় চলমান উত্তেজনা আপাতত নিরসনে সমঝোতায় পৌঁছেছে ইসরায়েল এবং গাজার ফিলিস্তিনি গেরিলা দল হামাস।
কাতারের কাছ থেকে নগদ অর্থ সহায়তা এবং গাজার বিদ্যুৎ কেন্দ্রে জ্বালানি সরবরাহে ইসরায়েলি বাধা তুলে নেওয়ার বিনিময়ে অন্তত একমাসের জন্য শান্তি বজায় রাখতে সোমবার দু’পক্ষে চুক্তি হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
গাজা উপত্যকা ফিলিস্তিনের ইসলামপন্থি শাসকগোষ্ঠী হামাসের নিয়ন্ত্রণে। ইসরায়েল হামাসকে সন্ত্রাসীদের সংগঠন বলে বিবেচনা করে। বছরের পর বছর ধরে গাজায় হামাস ও ইসরায়েলের মধ্যে হামলা পাল্টা হামলা চলছে।
গত বেশ কয়েক সপ্তাহ ধরে উভয় পক্ষে হামলার তীব্রতা বেড়েছে। গাজা থেকে বেলুনে বিস্ফোরক পদার্থ বেঁধে তাতে আগুন ধরিয়ে ইসরায়েলে পাঠিয়ে দেওয়া হয়। গাজা থেকে ইসরায়েলে একাধিকবার রকেট হামলাও চালানো হয়েছে। মাঝেমধ্যেই বিমানহামলা এবং ট্যাঙ্ক থেকে গাজার দিকে গোলা ছুঁড়ে তার জবাব দিচ্ছে ইসরায়েল।
দ্য নিউ ইয়র্ক টাইমস জানায়, কাতারের দূত মোহাম্মদ আল-ইমাদির উদ্যোগে সোমবার হামাস-ইসরায়েল সমঝোতায় পৌঁছেছে। গাজার পুনর্গঠনের জন্য গঠিত কাতারের কমিটির নেতৃত্ব দিচ্ছেন তিনি।
চুক্তিতে হামাস পুনরায় বৃহৎ অর্থনৈতিক প্রকল্পগুলো এগিয়ে নেওয়ার অঙ্গীকার করেছে। যদিও এ বিষয়ে বিস্তারিত আর কিছু জানানো হয়নি। তবে গত সপ্তাহে হামাস সরকার বিদ্যুতের একটি বাড়তি লাইন এবং একটি নতুন শিল্পাঞ্চল গড়ে দেওয়ার দাবি জানিয়েছে। যা হয়ত গাজার উচ্চ বেকারত্বের হার কমাতে সাহায্য করবে।
ওদিকে, ইসরায়েল বলেছে, তারা কেবল কেরেম শালুম সীমান্ত দিয়ে শুধু নিয়মিত কার্গোগুলোকে গাজায় যাতায়াত করতে দেবে। এছাড়া, গাজার জেলেদের উপকূল থেকে ভূমধ্যসাগরের ১৫ নটিক্যাল মাইল এলাকার ভেতর আবারও মাছ ধরার অনুমতি দেবে।
নতুন সমঝোতা নিয়ে ‘দ্য ইসরায়েলি মিলিটারি এজেন্সির’ পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘‘যে সিদ্ধান্ত হয়েছে সেটা আসলে কতটা বাস্তবায়ন সম্ভব আগে সেই পরীক্ষা হবে। যদি হামাস এবারও চুক্তির শর্ত মেনে চলতে ব্যর্থ হয় তবে ইসরায়েল তাদের বিরুদ্ধে যথা নিয়মে ব্যবস্থা গ্রহণ করবে। গাজা উপত্যকায় ইসরায়েলের আরোপ করা নানা বিধিনিষেধ ও কড়াকড়ির জন্য হামাসই দায়ী।”
ওদিকে, গাজার হামাস নেতা ইয়াহিয়া সিনোয়ার বলেন, ‘‘এই চুক্তি উত্তেজনা নিয়ন্ত্রণ করবে এবং আমাদের জনগণের উপর ইহুদিপন্থিদের আগ্রাসন থামাবে।” যদিও গাজায় দীর্ঘমেয়াদে যুদ্ধবিরতির পথ প্রশস্ত করতে এই চুক্তি খুব একটা কার্যকর হবে না বলেই মনে করছেন গাজার রাজনৈতিক বিশ্লেষক তালাত ওকাল।
এবারের চুক্তির আওতায় কাতার হামাস সরকারকে কি পরিমাণ অর্থ সহায়তা দিচ্ছে তা নিয়ে কোনো পক্ষই মুখ খোলেনি। তবে এ চুক্তি সম্পর্কে জানেন এমন একজন নাম প্রকাশ না করার শর্তে বলেন, কাতার গাজাকে প্রায় দুই কোটি ৭০ লাখ মার্কিন ডলার দিচ্ছে।
হামাস সরকার এ অর্থ দিয়ে কী করবে তাও এখনও জানা যায়নি। তবে এর আগে কাতার থেকে পাওয়া অর্থ সহায়তা দিয়ে জ্বালানি ক্রয়, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন এবং দরিদ্র পরিবারগুলোকে ত্রাণ দেওয়া হয়েছে।
অনেক আগে থেকেই গাজার অর্থনীতি পুরোপুরি ধসে পড়েছে। গত সপ্তাহে সেখানে স্থানীয় বাসিন্দাদের মধ্যে প্রথম করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়। সোমবার পর্যন্ত যে সংখ্যা ২৪৩ জনে পৌঁছে গেছে। এছাড়া, বাইরে থেকে ভ্রমণ শেষে গাজায় ফেরার পর সীমান্তে কোয়ারান্টিনে থাকা আরো ৩৭ জনের দেহে এই ভাইরাস পাওয়া গেছে।
বিশ্বের উন্নত দেশগুলোই যেখানে করোনাভাইরাস মহামারীর বিরুদ্ধে লড়াইয়ে বিধ্বস্ত হয়ে পড়েছে সেখানে গাজায় আগে থেকেই মানবেতর পরিস্থিতি বিরাজ করছে। ভঙ্গুর অর্থনীতি ও বেহাল স্বাস্থ্যসেবা ব্যবস্থা নিয়ে এই মহামারী মোকাবেলা করার উপায় হামাস সরকারের জানা নেই। যে কারণে তারা কাতারের উদ্যোগকে স্বাগত জানিয়েছে।
মহামারীর বিরুদ্ধে লড়াইয়ে বিদ্যুতের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গাজায় সেটি প্রায় নেই বললেই চলে। আগুনে বেলুন ও রকেট হামলার বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে ইসরায়েল গাজায় জ্বালানি সরবরাহ আটকে দিয়েছে। জ্বালানির অভাবে গাজার পাওয়ার স্টেশনগুলো অকার্যকর হয়ে পড়ে আছে। জেনারেটর চলানোর উপায়ও নেই।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, তাদের হাতে ভাইরাস শনাক্তের যথেষ্ট ‘কিট’ নেই। যে কারণে তাদের পরীক্ষার গতি অত্যন্ত ধীর। ২৪ ঘণ্টায় তারা মাত্র ৬৭০টি নমুনা পরীক্ষা করতে পেরেছে।
