২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গাজায় ইসরায়েলের বিমান ও ট্যাংক হামলা

ফিলিস্তিনের গাজা উপত্যকায় হামাসের অবস্থান লক্ষ্য করে বিমান ও ট্যাংক হামলা চালিয়েছে ইসরায়েল।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 28 Aug 2020, 08:37 PM

Updated : 08 Apr 2022, 01:16 AM

গাজায় হামাসের ওপর গত দু’সপ্তাহ ধরেই ইসরায়েল এমন হামলা চালাচ্ছে। এর মধ্যে গত ২২ অগাস্টের পর শুক্রবার ফের ইসরায়েল গাজায় এই হামলা চালাল।

ইসরায়েলের অভ্যন্তরে ফিলিস্তিনের রকেট হামলার জবাবে গাজায় হামলা চালানো হয়েছে বলে দাবি তাদের। তবে হামলায় কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

জাতিসংঘের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত ইসরায়েল এবং গাজার হামাস গেরিলাদের সহিংসতা বন্ধ করার আহ্বান জানিয়েছেন।

ইসরায়েলের সেনাবাহিনী বলেছে, তারা গাজায় মাটির নিচের একটি অবকাঠামো এবং হামাস শাসকদের একটি সামরিক ফাঁড়িতে হামলা করেছে। গাজা থেকে ছোড়া রকেট এবং ‘আগুন বেলুনে’ ইসরায়েলের কৃষিজমি পুড়ে যওয়ার জবাবে এ হামলা চালানো হয়েছে।

গাজা থেকে এরপর আরও  ছয়টি রকেট ছোড়া হয়, যার জবাবে দ্বিতীয় দফায় সেখানে হামাসের একটি সশস্ত্র প্রশিক্ষণ শিবিরে হামলা চালানো হয়েছে বলে ভাষ্য ইসরায়েলের।

হামাস চায় ইসরায়েল গাজায় অবরোধ শিথিল করে সেখানে আরও বিনিয়োগের সুযোগ করে দিক।

হামাসের এ চেষ্টার মধ্যে অবরুদ্ধ গাজার বিক্ষুব্ধ ফিলিস্তিনিরা সম্প্রতি কয়েক সপ্তাহ ধরে বেলুনে হিলিয়াম গ্যাস ভরে সেগুলো সীমান্তের ওপারে ইসরায়েলের দক্ষিণাঞ্চলে পাঠাচ্ছে।

দু’পক্ষে উত্তেজনা বাড়তে থাকার মধ্যে ইসরায়েল গাজার একমাত্র বাণিজ্যিক ক্রসিং বন্ধ করে দিয়েছে, সমুদ্রপথে যাতায়াত নিষিদ্ধ এবং জ্বালানি আমদানিও বন্ধ করেছে। এই কড়াকড়ির কারণে গাজার একমাত্র বিদ্যুৎকেন্দ্রটি গত সপ্তাহে বন্ধ হয়ে যায়।

জাতিসংঘের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত নিকোলে ম্লাদেনভ টুইটারে বলেন, ফিলিস্তিনের রকেট এবং আগুনে বেলুন ছোড়া অব্যাহত রয়েছে। ইসরায়েলের কড়াকড়ির কারণে গাজায় জীবনযাত্রা অসহনীয় হয়ে পড়ছে।

“বর্তমান পরিস্থিতিতে সহিংসতা ঠেকানো এবং অবস্থার উন্নতি ঘটাতে কোনও মধ্যস্থতার প্রচেষ্টাই সফল হবে না” বলে মন্তব্য করেছেন তিনি।