জাপানে ১৪ সেপ্টেম্বর ভোটের পরিকল্পনা ক্ষমতাসীন পার্টির
জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের পদত্যাগের পর ক্ষমতাসীন লিবারাল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) নতুন নেতৃত্ব নির্বাচনে ১৪ সেপ্টেম্বর ভোটের পরিকল্পনা করেছে।
সোমবার দেশটির স্থানীয় গণমাধ্যম একথা জানিয়েছে। পার্টির নতুন প্রধানই দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হবেন। এই পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য রয়েছেন সম্ভাব্য ৪ প্রার্থী।
অসুস্থতার কারণ দেখিয়ে গত শুক্রবার অনেকটা হঠাৎ করেই জাপানের প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন আবে। জাপানে সবচেয়ে দীর্ঘ মেয়াদে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করা আবে বেশ কয়েক বছর ধরে ‘আলসারেটিভ কোলাইটিস’ রোগে ভুগছেন।
গত কয়েক মাসে তার শারীরিক অবস্থার বেশ অবনতি হলে নিয়মিত চিকিৎসা নিতে প্রধানমন্ত্রীর গুরুদায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন তিনি। আবের সরে দাঁড়ানোয় তার দল এলডিপি প্রধান এবং জাপানের প্রধানমন্ত্রী উভয় পদই খালি হয়ে গেছে।
জাপানে পার্লামেন্টের নিম্নকক্ষে এলডিপি সংখ্যাগরিষ্ঠ দল হওয়ায় স্বাভাবিকভাবে দলীয় প্রধানই এমপি’দের ভোটে প্রধানমন্ত্রী হবেন। নতুন যিনি ক্ষমতায় আসবেন তার সামনে থাকবে অর্থনীতি, কূটনীতি, নিরাপত্তা, করোনাভাইরাস মহামারীসহ একগাদা সংকট সামাল দেওয়ার চ্যালেঞ্জ।
গণমাধ্যম পরিচালিত জনমত জরিপগুলোতে দেখা যাচ্ছে, আবের উত্তরসূরি হিসাবে সবচেয়ে বেশি জনপ্রিয়তা পাচ্ছেন সাবেক প্রতিরক্ষামন্ত্রী শিগেরু ইশিবা।তবে তিনি এখনও প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দেননি। আবার জনগণের মধ্যে জনপ্রিয় হলেও এলডিপি পার্টিতে তার সমর্থন কম।
অন্যদিকে, এলডিপি’র নীতি বিষয়ক প্রধান ফুমিও কিশিদা জনমত জরিপগুলোতে সবচেয়ে পিছিয়ে আছেন। আর চিফ কেবিনেট সেক্রেটারি ইয়োশিহিদে সুগা জনসমর্থনের দিক থেকে আছেন দ্বিতীয় স্থানে।
কিয়োদো নিউজ জরিপে দেখা গেছে, ইশিবার জনসমর্থন ৩৪ শতাংশ। আর সুগার ১৪ শতাংশ। অন্যদিকে, নিক্কি টিভি টোকিও জরিপে দেখা গেছে, ইশিবার জনসমর্থন ২৮ শতাংশ, বর্তমান প্রতিরক্ষামন্ত্রী তারো কানোর ১৫ শতাংশ আর ইয়োশিহিদে সুগার ১১ শতাংশ।
জাপানের নিয়মানুযায়ী, জনগণের ভোটে প্রধানমন্ত্রী নির্বাচন হয় না বরং দেশটির পার্লামেন্টারি রাজনৈতিক ব্যবস্থায় আইনপ্রণেতারাই প্রধানমন্ত্রী নির্বাচন করে থাকেন।
মঙ্গলবার দলের এক বৈঠকে ১৪ সেপ্টেম্বরে ভোটের এই তারিখ চূড়ান্ত করা হবে বলে জানিয়েছে সম্প্রচারমাধ্যম এফএনএন। করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি কমাতে পার্টি সদরদপ্তরে ভোট না করে তা করা হবে টোকিও হোটেলে।
