বেলারুশের প্রেসিডেন্ট-কর্মকর্তাদের ওপর বাল্টিক রাষ্ট্রগুলোর নিষেধাজ্ঞা
বিক্ষোভে অস্থির বেলারুশের প্রেসিডেন্ট অ্যালেক্সান্ডার লুকাশেঙ্কো এবং আরও ২৯ কর্মকর্তার ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছে লিথুনিয়া, লাটভিয়া এবং এস্তোনিয়া।
লুকাশেঙ্কোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে পশ্চিমা দেশগুলোকেও আহ্বান জানিয়েছে এই তিন দেশ।
নির্বাচনকে কেন্দ্র করে ছড়িয়ে পড়া তিন সপ্তাহের বিক্ষোভ সামলাতে হিমশিম খাচ্ছেন বেলারুশের প্রেসিডেন্ট লুকাশেঙ্কো। লুকাশেঙ্কোর বিরোধীরা এবং পশ্চিমারা তার বিরুদ্ধে ভোট জালিয়াতির অভিযোগ করেছে।
৯ অগাস্টের নির্বাচনে লুকাশেঙ্কো জয়ী হওয়ার পর থেকেই পূর্ব ইউরোপের দেশ বেলারুশে অস্থিরতা শুরু হয়।লুকাশেঙ্কো বিরোধীরা ভোটের ফল প্রত্যাখ্যান করে পুনর্নির্বাচনের দাবিতে রাজধানী মিনস্কসহ দেশের বিভিন্ন শহরে বড় বড় বিক্ষোভ করেছে।
তবে লুকাশেঙ্কো নির্বাচনে কোনও জালিয়াতির অভিযোগ অস্বীকার করেছেন এবং বিক্ষোভকারীরা বিদেশ থেকে মদদ পাচ্ছে বলে উল্টো অভিযোগ করেছেন। বিক্ষোভে ব্যাপক ধরপাকড়সহ পুলিশি নির্যাতনের শিকার হচ্ছে বিক্ষোভকারীরা।
বিক্ষোভকারীদের ওপর সহিংসতায় জড়িত এবং ভোট জালিয়াতিতে অভিযুক্ত কর্মকর্তাদের ওপরই তিন বাল্টিক দেশ নিষেধাজ্ঞা আরোপ করেছে। এ তালিকায় প্রেসিডেন্ট লুকাশেঙ্কোকে রেখে এই দেশগুলো তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে অনিচ্ছুক অন্যান্য ইউরোপীয় দেশগুলোকেও একটি বার্তা দিয়েছে।
লিথুনিয়ার প্রেসিডেন্ট বলেছেন, “আমরা বলেছি যে, শাসকগোষ্ঠী এবং সমাজের মধ্যে আমাদের শান্তিপূর্ণ আলোচনা এবং চুক্তি করা প্রয়োজন। কিন্তু আমরা দেখছি যে, শাসকগোষ্ঠী সেটি করতে প্রস্তত না।তাই আমরা দেখছি যে, আমাদের সামনে আগানো দরকার এবং অন্যান্য দেশের সামনে দৃষ্টান্ত স্থাপন করা দরকার।”
ইউরোপীয় ইউনিয়নও (ইইউ) নিজস্বভাবে একইরকম নিষেধাজ্ঞা আরোপের জন্য বেলারুশের কর্মকর্তাদের তালিকা তৈরি করছে। তবে পশ্চিমা দেশগুলো বেলারুশের বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেওয়ার ব্যাপারে সতর্ক রয়েছে। কারণ, বেলারুশের প্রেসিডেন্টকে সমর্থন দিচ্ছে রাশিয়া। তার বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে রাশিয়ার হস্তক্ষেপ ঘটতে পারে বলে পশ্চিমা দেশগুলো উদ্বিগ্ন।
বেলারুশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা ছোট তিনটি বাল্টিক দেশ ইইউ এর অন্তর্ভুক্ত এবং লিথুনিয়া ও লাটভিয়ার সঙ্গে বেলারুশের সীমান্ত আছে।
লিথুনিয়ায় আশ্রয় নিয়ে আছেন বেলারুশের বিরোধীদলীয় প্রার্থী সভেৎলনা তিখানভস্কায়া। নির্বাচনের পরই তিনি পালিয়ে লিথুনিয়ায় চলে যান। তার সমর্থকরা বলছেন, নির্বাচনে জিতেছিলেন সভেৎলনাই।
এস্তোনিয়ার আমন্ত্রণে শুক্রবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সভেৎলনা তিখানভস্কায়ার ভাষণ দেওয়ার কথা রয়েছে বলে জানিয়েছেন তার মুখপাত্র।
