‘প্রয়োজন হলে’ বেলারুশে পুলিশ পাঠাবেন পুতিন
প্রয়োজন হলে বেলারুশে হস্তক্ষেপ করতে পারবে এমন একটি রিজার্ভ পুলিশ বাহিনী গঠন করা হয়েছে বলে জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
তবে বেলারুশের পরিস্থিতি এখনও এমন অবস্থায় গিয়ে পৌঁছায়নি, যেখানে পুলিশের ওই বাহিনীকে পাঠাতে হবে, বলেছেন তিনি।
রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনের দেওয়া ভাষণে পুতিন এ কথা জানিয়েছেন বলে বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে।
পুতিন বলেছেন, বেলারুশের প্রেসিডেন্ট লুকাশেঙ্কোই তাকে পুলিশের একটি রিজার্ভ বাহিনী বানাতে অনুরোধ করেছিলেন।
“আমি সেটা করেছি। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে না গেলে ওই বাহিনীকে ব্যবহার করা হবে না বলেও একমত হয়েছি আমরা,” বলেছেন রুশ প্রেসিডেন্ট।
৯ অগাস্টের নির্বাচনে প্রেসিডেন্ট লুকাশেঙ্কো জয়ী হওয়ার পর থেকেই পূর্ব ইউরোপের দেশটিতে অস্থিরতা শুরু হয়।
লুকাশেঙ্কোবিরোধীরা ভোটের ফল প্রত্যাখ্যান করে পুনর্নির্বাচনের দাবিতে রাজধানী মিনস্কসহ দেশের বিভিন্ন শহরে বড় বড় বিক্ষোভও করেছে।
রুশিয়া ওয়ান টিভিতে দেওয়া ভাষণে পুতিন বেলারুশ ও রাশিয়ার সাংস্কৃতিক, নৃতাত্ত্বিক ও ভাষাগত বন্ধনের উপর জোর দিয়ে বলেন, দুই দেশের মধ্যকার ঘনিষ্ঠ সম্পর্কের কারণেই বেলারুশের নিরাপত্তা নিশ্চিত করা রাশিয়ার কর্তব্যের মধ্যে পড়ে।
“উগ্রবাদীরা যদি রাজনৈতিক স্লোগানের ছদ্মাবরণে সীমা ছাড়িয়ে না যায়; ডাকাতি, গাড়ি, বাড়ি, ব্যাংকে অগ্নিসংযোগ, সরকারি ভবন দখলের চেষ্টা ও এ ধরনের কিছু শুরু না করে তাহলে বেলারুশে এ রিজার্ভ পুলিশ বাহিনী পাঠানো হবে না,” বলেছেন তিনি।
পরিস্থিতি এখনও পুলিশ পাঠানোর মতো পর্যায়ে যায়নি বলেও মত পুতিনের।
রুশ প্রেসিডেন্টের এমন অবস্থানের কড়া সমালোচনা করেছেন পোল্যান্ডের প্রধানমন্ত্রী মাতিউস মোরাভিয়েচকি। মস্কোকে এ ধরনের পরিকল্পনা প্রত্যাহার করে নিতেও তিনি আহ্বান জানিয়েছেন।
রাশিয়া ও বেলারুশ উভয় দেশই ‘কালেক্টিভ সিকিউরিটি ট্রিটি অর্গানাইজেশনের’ সদস্য; এক সময়কার সোভিয়েতভুক্ত বেশ কয়েকটি দেশ এ সামরিক জোটের সদস্য।
১৯৯৬ সালে রাশিয়া ও বেলারুশ মিলে ‘ইউনিয়ন স্টেট অব রাশিয়া অ্যান্ড বেলারুশ’ গঠন করে; এর ফলে দেশদুটির নাগরিকরা উভয় দেশেই অবাধে কাজ ও বসবাসের সুযোগ পেয়ে আসছেন।
