২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বেলারুশে অস্থিরতা চলার মধ্যে লুকাশেঙ্কোকে পুতিনের আমন্ত্রণ

বেলারুশে সরকার বিরোধী বিক্ষোভে অস্থিরতা এবং ব্যাপক ধরপাকড় চলার মধ্যেই প্রেসিডেন্ট অ্যালেক্সান্ডার লুকাশেঙ্কোর জন্মদিনে ফোন করে তাকে সমর্থন জানানোসহ মস্কো সফরের আমন্ত্রণ জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 30 Aug 2020, 08:24 PM

Updated : 10 Oct 2022, 07:22 PM

পুরনো খবর:

‘প্রয়োজন হলে’ বেলারুশে পুলিশ পাঠাবেন পুতিন

রোববার ৬৬ বছর বয়সে পা দিয়েছেন বেলারুশের প্রেসিডেন্ট লুকাশেঙ্কো। দেশে নির্বচনকে কেন্দ্র করে ছড়িয়ে পড়া তিন সপ্তাহের বিক্ষোভ সামলাতে হিমশিম খাচ্ছেন তিনি।

৯ অগাস্টের নির্বাচনে প্রেসিডেন্ট লুকাশেঙ্কো জয়ী হওয়ার পর থেকেই পূর্ব ইউরোপের এ দেশটিতে অস্থিরতা শুরু হয়।লুকাশেঙ্কো বিরোধীরা ভোটের ফল প্রত্যাখ্যান করে পুনর্নির্বাচনের দাবিতে রাজধানী মিনস্কসহ দেশের বিভিন্ন শহরে বড় বড় বিক্ষোভও করেছে।

তবে লুকাশেঙ্কো নির্বাচনে কোনও জালিয়াতির অভিযোগ অস্বীকার করেছেন এবং বিক্ষোভকারীরা বিদেশ থেকে মদদ পাচ্ছে বলে উল্টো অভিযোগ করেছেন। বিক্ষোভে ব্যাপক ধরপাকড়সহ পুলিশি নির্যাতনের শিকার হচ্ছে বিক্ষোভকারীরা।

বিক্ষোভ দমনে সাংবাদিকদের ওপরও চড়াও হয়েছে বেলারুশ সরকার। প্রেসিডেন্টের বিরুদ্ধে চলমান বিক্ষোভের প্রতিবেদন তৈরি করা ৫০ জনেরও বেশি সাংবাদিককে আটক করেছে পুলিশ।

তাদের ফোন, পরিচায়পত্র জব্দ করাসহ অনুমতিপত্রও বাতিল করা হয়েছে। এই সাংবাদিকদের মধ্যে বিবিসি রাশিয়ান সার্ভিসের দুইজন সংবাদিকও আছেন।

এছাড়া, স্থানীয় অন্তত ১০ সাংবাদিকসহ কয়েকজন রুশ সাংবাদিক, রেডিও লিবার্টি, এএফপি এবং ডয়চে ভেলের মতো গণমাধ্যমের সাংবাদিকদেরও অনুমতিপত্র শনিবার বাতিল করা হয়েছে বলে জানিয়েছে বিবিসি।

কর্তৃপক্ষের দমনপীড়নের মধ্যেও বিক্ষোভ থেকে নেই বেলারুশে। রোববারও প্রেসিডেন্ট লুকাশেঙ্কোর পদত্যাগের দাবিতে মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ করেছে। এদিন হাজার হাজার নারী পথে নেমে মূল সরকারি ভবনের বাইরে বিক্ষোভ করে।

এরই মধ্যে লুকাশেঙ্কোকে ফোনে জন্মদিনের শুভেচ্ছা জানান রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন। দুই নেতার ফোনালাপের পর রোববার ক্রেমলিনের এক বিবৃতিতে বলা হয়েছে, “আগামী কয়েক সপ্তাহের মধ্যেই মস্কোয় একটি বৈঠক করতে রাজি হয়েছেন তারা।”

বেলারুশ রাশিয়ার সাবেক সোভিয়েত মিত্রদেশ। আর দেশটির প্রেসিডেন্ট লুকাশেঙ্ককেও মস্কো ঘনিষ্ঠ একজন মিত্র হিসাবেই দেখে। রুশ প্রেসিডেন্ট পুতিন এর আগে গত বৃহস্পতিবারই বেলারুশে প্রয়োজনে পুলিশ পাঠাতে প্রস্তুত বলে সেদেশের সংকটে হস্তক্ষেপ করার ইচ্ছা জানান দিয়েছেন।

পুতিন বলেছেন, বেলারুশের প্রেসিডেন্ট লুকাশেঙ্কো তাকে পুলিশের একটি রিজার্ভ বাহিনী বানাতে অনুরোধ করেছিলেন। সে অনুযায়ী, রিজার্ভ পুলিশ ফোর্স প্রস্তুত রাখা হয়েছে এবং প্রয়োজনে তা ব্যবহার করতে লুকাশেঙ্কোর সঙ্গে একমতও হয়েছেন বলে জানান পুতিন।

রুশ প্রেসিডেন্টের এমন অবস্থানের কড়া সমালোচনা করেন পোল্যান্ডের প্রধানমন্ত্রী মাতিউস মোরাভিয়েচকি। মস্কোকে এ ধরনের পরিকল্পনা প্রত্যাহার করারও আহ্বান জানান তিনি।

ওদিকে, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বেলারুশের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপের তোড়জোড় চালাচ্ছে। তবে লুকাশেঙ্কো এর জবাবে এরই মধ্যে তার দেশের চারপাশে ইইউ ট্র্যানজিট রুট ছিন্ন করার হুমকি দিয়েছেন।