২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রের পোর্টল্যান্ডে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে নিহত ১

যুক্তরাষ্ট্রের উত্তরপশ্চিমাঞ্চলীয় শহর পোর্টল্যান্ডে পরস্পর বিরোধী দুই দল প্রতিবাদকারীদের মধ্যে সংঘর্ষে একজন গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2020, 04:22 PM

Updated : 08 Apr 2022, 01:16 AM

শনিবার রাতে শহরের কেন্দ্রস্থলে প্রতিবাদকারীদের মধ্যে সহিংসতা ও মৃত্যু, উভয় ঘটনা ঘটেছে বলে এক বিবৃতিতে জানিয়েছে পুলিশ।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, পুলিশের বিবৃতিতে ‘প্রতিবাদ ও গুলিবর্ষণে মৃত্যু’ এ দুটি ঘটনাকে তাৎক্ষণিকভাবে পরস্পর সম্পর্কিত বলে নিশ্চিত করা হয়নি। 

গত কয়েক মাস ধরেই অরেগন রাজ্যের এ শহরটিতে ঘন ঘন বিক্ষোভ ও বিক্ষোভকে কেন্দ্র করে সহিংসতার ঘটনা ঘটছিল।

এক ইমেইল বিবৃতিতে পোর্টল্যান্ড পুলিশের একজন মুখপাত্র বলেছেন, “(পুলিশ) ঘটনাস্থলে গিয়ে বুকে গুলিবিদ্ধ একজনকে দেখতে পায়। তার মৃত্যু হয়েছে বলে পরীক্ষা করার পর নিশ্চিত হন চিকিৎসকরা। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করে তদন্ত শুরু করা হয়েছে।”

দক্ষিণপূর্ব থার্ড অ্যাভিনিউ ও দক্ষিণপশ্চিম অ্যালডার স্ট্রিটের দিক থেকে গুলির শব্দ পাওয়া গেছে বলে জানিয়েছেন তিনি। 

সন্দেহভাজনের বিষয়ে তারা এখনই কোনো তথ্য প্রকাশ করবে না বলে জানিয়েছে পুলিশ। 

ওই এলাকায়ই পরস্পর বিরোধী দুই দল প্রতিবাদকারীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছিল, গুলিবর্ষণের ঘটনাটি ওই ঘটনার সঙ্গে সম্পর্কিত কি না রয়টার্সের এমন প্রশ্নে ওই মুখপাত্র বলেন, “তদন্ত চলছে, এ ধরনের কোনো সিদ্ধান্ত এখনই টানা যাচ্ছে না।”

নিউ ইয়র্ক টাইমস ও ওরেগনের স্থানীয় সংবাদপত্রগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সমর্থকদের বড় একটি দল গাড়িবহর নিয়ে পোর্টল্যান্ডের কেন্দ্রীয় এলাকায় ঘুরে বেড়াচ্ছিল, ট্রাম্পের সমর্থনে একটি সমাবেশে কয়েকশ’ ট্রাক ভর্তি করে আসা লোকজন যোগ দিচ্ছিলেন। 

টাইমস অজ্ঞাত দুই প্রত্যক্ষদর্শীর উদ্ধৃতি দিয়েছে যেখানে তারা বলেছেন, ছোট একটি দলে থাকা একদল লোকের সঙ্গে একটি গাড়ির লোকদের বচসা শুরু হয় আর ওই সময় কেউ গুলি করে।

গুলিবিদ্ধ হয়ে যে ব্যক্তি নিহত হয়েছেন তার মাথায় থাকা হ্যাটে পোর্টল্যান্ডভিত্তিক কট্টরপন্থি গোষ্ঠী ‘প্যাট্রিয়ট প্রেয়ার’ এর ব্যাজ ছিল এবং এই গোষ্ঠীটি আগেও প্রতিবাদকারীদের সঙ্গে সংঘর্ষে জাড়িয়েছিল বলে নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে।

পোর্টল্যান্ড পুলিশ আগের এক টুইটে জানিয়েছিল, ‘পোর্টল্যান্ডের কেন্দ্রীয় এলাকায় রাজনৈতিক সমাবেশের কাফেলা চলছে’ এবং সেখানে ‘বিক্ষোভকারীদের সঙ্গে তাদের বিরোধীদের সংঘর্ষের কিছু ঘটনা ঘটেছে’।

পুলিশ সেখানে হস্তক্ষেপ করে কয়েকজনকে গ্রেপ্তার করেছে বলে টুইটে বলা হয়েছে। 

নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, রাস্তায় রাস্তায় ট্রাম্প সমর্থকদের সঙ্গে বিরোধী-বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়েছে, পিকআপ ট্রাকে থাকা লোকজন পেইন্ট বল গান থেকে গুলি ছুড়েছে আর প্রতিবাদকারীরা তাদের দিকে বিভিন্ন বস্তু ছুড়ে মেরেছে। 

অরেগনিয়ান সংবাপত্রের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার স্থানীয় সময় সন্ধ্যায় পোর্টল্যান্ডে পৌঁছানোর আগে ট্রাম্পপন্থি গাড়িবহরের মিছিলটি ক্লাকামাস টাউন সেন্টার থেকে শুরু হয়, সেখানে আগে-পরে ট্রাম্প সমর্থকদের সঙ্গে বিরোধী-প্রতিবাদকারীদের সংঘর্ষের ঘটনা ঘটে।

গাড়িবহরটির অধিকাংশ গাড়ি শহরের কেন্দ্রস্থল ত্যাগ করার পর গুলিবর্ষণের ঘটনা ঘটে বলে জানিয়েছে তারা।

মে মাসে মিনেসোটা রাজ্যের মিনিয়াপোলিসে পুলিশের হেফাজতে ৪৬ বছর বয়সী কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডের মৃত্যুর পর থেকে যুক্তরাষ্ট্রজুড়ে বর্ণবাদ ও পুলিশি নির্যাতনের বিরুদ্ধে বিক্ষোভ চলছে। ফ্লয়েডের মৃত্যুর পর থেকে গত প্রায় তিন মাস ধরে প্রতিরাতে পোর্টল্যান্ডের কেন্দ্রস্থলে পরস্পর বিরোধী প্রতিবাদী গোষ্ঠীগুলো রাস্তায় নামতে থাকায় সেখানে উত্তেজনা চলছিল।

এসব প্রতিবাদ দমনে জুলাইতে পোর্টল্যান্ডে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করেছিল ট্রাম্প প্রশাসন।