তিব্বতে ‘বিচ্ছিন্নতাবাদ’ রোধে প্রচেষ্টা বাড়াবে চীন
তিব্বতের স্থিতিশীলতা ধরে রাখতে, জাতীয় ঐক্যের সুরক্ষা নিশ্চিত করতে চীনকে অবশ্যই একটি ‘দুর্ভেদ্য দূর্গ’ গড়ে তুলতে হবে এবং ‘বিচ্ছিন্নতাবাদের’ বিরুদ্ধে সংগ্রামে জনগণকে শিক্ষিত করতে হবে বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট শি জিনপিং।
চীনের কমিউনিস্ট পার্টির জ্যেষ্ঠ নেতাদের এক বৈঠকে তিনি এসব কথা বলেছেন বলে শনিবার দেশটির রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম জানিয়েছে।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, যে সব অগ্রগতি অর্জিত হয়েছে শি সেগুলার প্রশংসা করে নেতৃস্থানীয় কর্মকর্তাদের সাধুবাদ জানান কিন্তু ওই অঞ্চলের ঐক্যকে শক্তিশালী, পুনরুজ্জীবিত ও সমৃদ্ধ করতে আরও জোর দেওয়া প্রয়োজন বলে মন্তব্য করেন।
রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা সিনহুয়ার প্রতিবেদনে প্রকাশিত মন্তব্যে শি বলেন, ‘প্রত্যেক তরুণের হৃদয়ের গভীরে চীনের জন্য ভালোবাসার বীজ বপণ করতে’ তিব্বতের স্কুলগুলোতে রাজনৈতিক ও আদর্শিক শিক্ষা জোরদার করা প্রয়োজন।
‘ঐক্যবদ্ধ, সমৃদ্ধ, সংস্কৃতিমান, সমন্বিত এবং সুন্দর নতুন, আধুনিক, সমাজতান্ত্রিক’ তিব্বত গড়ার প্রতিশ্রুতি দিয়ে ওই অঞ্চলের কমিউনিস্ট পার্টির ভূমিকাকে শক্তিশালী ও এর জাতিগোষ্ঠীগুলোকে আরও সংহত করা দরকার বলে বলে মন্তব্য করেন তিনি।
তিব্বতের বৌদ্ধধর্মকেও সমাজতন্ত্র ও চীনের পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নেওয়া দরকার বলেও মন্তব্য করেন তিনি।
১৯৫০ সালে তিব্বতের নিয়ন্ত্রণ নেয় চীন। এই ‘শান্তিপূর্ণ মুক্তি’ হিমালয়ের প্রত্যন্ত এই অঞ্চলটিকে তাদের ‘সামন্তবাদী’ অতীত ছুড়ে ফেলতে সহায়তা করেছে বলে দাবি করে বেইজিং। কিন্তু সমালোচকরা, যাদের নেতৃত্বে আছেন নির্বাসিত অধ্যাত্মিক নেতা দালাই লামা, বলছেন বেইজিংয়ের শাসন ‘সাংস্কৃতিক গণহত্যার’ শামিল।
আরও পড়ুন:
