ভূমধ্যসাগরে উত্তেজনার মধ্যে এবার সাইপ্রাসের কাছে মহড়ার ঘোষণা তুরস্কের
ভূমধ্যসাগরের পূর্বাঞ্চলে তেল-গ্যাসের অনুসন্ধান নিয়ে গ্রিসের সঙ্গে উত্তেজনার মধ্যেই তুরস্ক এবার উত্তরপশ্চিম সাইপ্রাসের কাছে দুই সপ্তাহব্যাপী সামরিক মহড়ার ঘোষণা দিয়েছে।
শনিবার থেকে শুরু হওয়া এ মহড়া ১১ সেপ্টেম্বর পর্যন্ত চলবে, শুক্রবার রাতে দেওয়া এক ঘোষণায় জানিয়েছে তারা।
কিছুদিন আগে গ্রিস ও তুরস্ক উভয়েই ভূমধ্যসাগরের পূর্বাঞ্চলে মহড়া করেছিল; মার্কিন নেতৃত্বাধানী সামরিক জোট নেটোর এই দুই সদস্যের মধ্যে সামুদ্রিক সীমা নিয়ে বিরোধ দীর্ঘদিনের।
চলতি মাসে আঙ্কারা ওই অঞ্চলে একটি অনুসন্ধানকারী নৌযানও পাঠিয়েছিল বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
শুক্রবার তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, বৃহস্পতিবার তাদের বেশ কয়েকটি এফ-১৬ জঙ্গিবিমান গ্রিসের ৬টি এফ-১৬ জঙ্গিবিমানকে তুরস্ক কাজ করছে এমন একটি এলাকায় প্রবেশ করতে দেয়নি।
আঙ্কারা পরে এক ঘোষণায় শনিবার থেকে উত্তরপশ্চিম সাইপ্রাসের কাছে দুই সপ্তাহের মহড়ার প্রস্তুতি নিতে নৌ সেনাদের নির্দেশ দেয়।
ভূমধ্যসাগরের এই উত্তেজনায় জড়িয়ে পড়েছে ফ্রান্সও। দেশটি চলতি মাসের মাঝামাঝি বিরোধপূর্ণ অঞ্চলটিতে রাফাল যুদ্ধবিমান ও নৌবাহিনীর একটি রণতরী পাঠানোর ঘোষণা দিয়েছিল।
ইউরোপীয় ইউনিয়নের সদস্য গ্রিসের সঙ্গে বিবাদে জড়ানো আঙ্কারার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছে ইইউ।
কী ধরনের নিষেধাজ্ঞা দেওয়া হবে তা সেপ্টেম্বরের শেষদিকে এক সম্মেলনে ঠিক করা হবে বলে শুক্রবার ইউরোপিয়ান ইউনিয়নের শীর্ষ কূটনীতিক জোসেফ বোরেল জানিয়েছেন।
