২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কৃষ্ণাঙ্গ ‘খুনির আত্মহত্যা’, মিনিয়াপোলিসে জরুরি অবস্থা

সন্দেহভাজন একজন কৃষ্ণাঙ্গ খুনির মৃত্যুর পর বুধবার রাতে শহরজুড়ে সহিংস বিক্ষোভ দেখা দেওয়ায় মিনিয়াপোলিসে জরুরি অবস্থা জারি করেছেন মিনেসোটা অঙ্গরাজ্যের গভর্নর টিম ওয়ালজ।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2020, 05:40 PM

Updated : 18 Aug 2022, 03:41 PM

সন্দেহভাজন ওই খুনি আত্মহত্যা করেছে বলে দাবি পুলিশের।

তাৎক্ষণিকভাবে মৃত ওই ব্যক্তির নাম পরিচয় জানাতে পারেনি বার্তা সংস্থা রয়টার্স। তার বিরুদ্ধে খুনের অভিযোগ সম্বন্ধেও কিছু জানা যায়নি।

কর্তৃপক্ষ জানিয়েছে, সন্দেহভাজন ওই খুনির মৃত্যুর পর এ নিয়ে নানান গুজব ছড়িয়ে পড়ে।

ব্যবসা প্রতিষ্ঠানে ব্যাপক লুটপাট, সম্পদ ধ্বংস এবং অস্থিরতার কথা বর্ণনা করে মিনিয়াপোলিসের মেয়র জ্যাকব ফ্রে-ও পরে শহরজুড়ে কারফিউ দেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে বেশ কয়েকটি গুলির শব্দ এবং দোকানপাট লুটপাটের দৃশ্য দেখা গেছে। ভিডিওর সত্যতা নিশ্চিত করতে পারেনি রয়টার্স।

মে মাসে পুলিশি হেফাজতে ৪৬ বছর বয়সী আফ্রিকান-আমেরিকান জর্জ ফ্লয়েডের মৃত্যুর পর যুক্তরাষ্ট্রজুড়ে গড়ে ওঠা বর্ণবাদ ও পুলিশি নির্যাতনবিরোধী আন্দোলনের কেন্দ্রে পরিণত হয়েছিল মিনিয়াপোলিস।

বুধবার শহরটির পুলিশ সন্দেহভাজন কৃষ্ণাঙ্গ খুনির ‘আত্মহত্যা’ সংক্রান্ত একটি ভিডিও টুইটারে পোস্ট করে। ওই ঘটনার সময় পুলিশ গুলি চালায়নি বলেও জানিয়েছে তারা।

ভিডিওতে দেখা যাচ্ছে, একটি ভবনের প্রবেশদ্বারে এক কৃষ্ণাঙ্গ ব্যক্তি নিজেই নিজেকে গুলি করার পর কাছাকাছি থাকা মানুষ দৌড়ে পালাচ্ছে এবং ‍পুলিশ ঘটনাস্থলের দিকে ছুটে আসছে।

মিনেসোটার গভর্নর ওয়ালজ মিনিয়াপোলিসে জরুরি অবস্থা জারির পাশাপাশি শহরটিতে ন্যাশনাল গার্ড বাহিনীকে মোতায়েন করা হচ্ছে বলেও জানিয়েছেন।

“বিপজ্জনক, বেআইনি আচরণ সহ্য করা হবে না। শৃঙ্খলা ফেরাতে মিনেসোটা ন্যাশনাল গার্ড অ্যান্ড স্টেট পেট্রল মিনিয়াপোলিসের দিকে রওনা হচ্ছে,” বিবৃতিতে বলেছেন তিনি।

রোববার উইসকনসিনের কেনোশা শহরে পুলিশের গুলিতে এক কৃষ্ণাঙ্গ ব্যক্তি আহত হওয়ার পর শহরটিতে টানা তিন রাত ধরে ব্যাপক অগ্নিসংযোগ ও ভাংচুর এবং পৃথক এক গুলির ঘটনায় দুইজনের মৃত্যুও হয়েছে।

বুধবার অরেগন অঙ্গরাজ্যের পোর্টল্যান্ডের পুলিশ যুক্তরাষ্ট্রের অভিবাসন সংস্থার একটি ভবনের কাছে অনুষ্ঠিত একটি কর্মসূচিকে ‘বেআইনি সমাবেশ’ অ্যাখ্যা দিয়ে উপস্থিতদের সেখান থেকে চলে যেতে বলেছে।

পুলিশ শহরটি থেকে কয়েকজনকে আটকও করেছে বলে নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদকের করা টুইটে বলা হয়েছে।

আরও পড়ুন:

অশান্ত উইসকনসিনে গুলিতে নিহত ২  

যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে কৃষ্ণাঙ্গ আহত, কারফিউ জারি  

৮ মিনিট ৪৬ সেকেন্ড: পুলিশ হেফাজতে যেভাবে মারা হয় জর্জ ফ্লয়েডকে  

কৃষ্ণাঙ্গ হত্যায় উত্তাল যুক্তরাষ্ট্রে কারফিউ ভেঙে বিক্ষোভ  

পুলিশ হেফাজতে ‍কৃষ্ণাঙ্গের মৃত্যু: যুক্তরাষ্ট্রজুড়ে বিক্ষোভ, সংঘর্ষ  

পুলিশ হেফাজতে কৃষ্ণাঙ্গের মৃত্যু, উত্তাল মিনিয়াপোলিস