অশান্ত উইসকনসিনে গুলিতে নিহত ২
উইসকনসিনে পুলিশের গুলিতে কৃষ্ণাঙ্গ এক ব্যক্তি আহতের ঘটনার প্রতিবাদে যুক্তরাষ্ট্রের মধ্যপশ্চিমাঞ্চলীয় অঙ্গরাজ্যটির কেনোশা শহরে তৃতীয় রাতের অস্থিরতায় দুই জন নিহত ও একজন আহত হয়েছে।
কেনোশার পুলিশ হতাহতের সংখ্যা নিশ্চিত করলেও এ বিষয়ে বিস্তারিত কিছু বলেনি বলে জানিয়েছে বিবিসি।
স্থানীয় গণমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, আন্দোলনকারীদের সঙ্গে একটি গ্যাস স্টেশনের পাহারায় থাকা সশস্ত্র ব্যক্তিদের সংঘাত থেকেই তৃতীয় রাতের সহিংসতা ডালপালা মেলে।
রোববার পুলিশের গুলিতে কৃষ্ণাঙ্গ জেইকব ব্লেক আহত হওয়ার পর থেকেই কেনোশা অশান্ত হয়ে ওঠে। শহরটিতে জরুরি অবস্থা ভেঙেই অসংখ্য মানুষকে বিক্ষোভে যোগ দিতে দেখা যায়।
কেনোশা পুলিশ জানিয়েছে, মঙ্গলবার স্থানীয় সময় রাত পৌনে ১২টার দিকে ‘একাধিক মানুষ গুলিবিদ্ধ হয়েছে’ খবর পেয়ে তারা ঘটনাস্থলে ছুটে যায়।
“গুলিতে দুইজন নিহত হয়েছে; গুলিবিদ্ধ আরেক ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তার অবস্থা গুরুতর হলেও প্রাণসংহারী নয়,” বিবৃতিতে বলেছে তারা।
ঘটনার তদন্ত শুরু হয়েছে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম পরিচয় জানা যায়নি।
বিবিসি জানিয়েছে, অনলাইনে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে রাইফেল হাতে থাকা এক ব্যক্তিকে মানুষের ধাওয়া খেতে এবং কিছুক্ষণ পর পড়ে যেতে দেখা গেছে। পড়ে যাওয়া ওই ব্যক্তি পরে ভিড় লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছুড়েছিলেন বলেও মনে করা হচ্ছে।
অন্য আরেকটি ভিডিওতে একাধিক সশস্ত্র ব্যক্তিকে একটি ব্যবসা প্রতিষ্ঠানের সামনে দেখা গেছে। সশস্ত্র ব্যক্তিদের অধিকাংশের গায়েই ছিল সামরিক ঘরানার পোশাক। ব্যবসা প্রতিষ্ঠানটি তারা পাহারা দিচ্ছিলেন বলে ভিডিওতে জানানো হয়েছে।
অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে গুলির শব্দের পর অসংখ্য মানুষকে দৌড়ে পালাতে এবং আহত এক ব্যক্তিকে মাটিতে পড়ে থাকতেও দেখা গেছে।
মঙ্গলবার উইসকনসিনের গভর্নর টনি এভার্স বলেছেন, কেনোশা শহরের অস্থিরতা দমনে সেখানে ন্যাশনাল গার্ডের আরও সৈন্য পাঠানো হচ্ছে। উইসকনসিনে জরুরি অবস্থাও জারি রয়েছে।
রোববার ব্লেক পুলিশের গুলিতে আহত হওয়ার কয়েক ঘণ্টা পরই হাজার হাজার মানুষ বিক্ষোভ নিয়ে কেনোশার পুলিশ সদরদপ্তরের দিকে যায়। বিক্ষোভকারীরা এ দিন অসংখ্য গাড়িও জ্বালিয়ে দেন।
একাধিক ডাকাতি ও গোলাগুলির খবর পেয়ে পুলিশ রোববার ব্যবসায়ীদেরকে তাদের প্রতিষ্ঠান বন্ধ রাখার বিষয়টি বিবেচনা করার অনুরোধ করে।
পুলিশকে সহায়তা করতে সোমবার উইসকনসিনের গভর্নর এভারস ন্যাশনার গার্ড মোতায়েন করেন; কেনোশায় দেওয়া হয় রাত্রিকালীন কারফিউ।
বিক্ষোভকারীদের থামাতে ন্যাশনাল গার্ড ও পুলিশকে কাঁদুনে গ্যাস, রাবার বুলেট ও স্মোক বোম ছুড়তে হয়। আন্দোলনকারীদের অনেককে এদিনও গাড়ি ভাংচুর ও বিভিন্ন ভবনে হামলা চালাতে দেখা গেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
মঙ্গলবারও কয়েকশ বিক্ষোভকারী কেনোশায় সমবেত হন। বিক্ষোভকারীদের একদল পুলিশকে লক্ষ্য করে আতশবাজি ও পানির বোতল ছুড়ে মারলে পুলিশও পাল্টা রাবার বুলেট ও কাঁদুনে গ্যাস ছোড়ে।
এদিন টুইটারে দেওয়া এক পোস্টে পুলিশ শহরটির বাসিন্দাদের ‘রাস্তা থেকে দূরে থাকতে’ অনুরোধ করে।
মঙ্গলবার কেনোশার পাশাপাশি অরেগনের পোর্টল্যান্ড এবং মিনেসোটার মিনিয়াপোলিসের মতো যুক্তরাষ্ট্রের আরও কয়েকটি শহরে বিক্ষোভ হয়েছে।
রোববার পুলিশের গুলিতে আহত ব্লেক চিরতরে পঙ্গু হয়ে যেতে পারেন বলে মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে আশঙ্কা প্রকাশ করেছেন আইনজীবী বেন ক্রাম্প।
“তার (ব্লেক) পরিবারের বিশ্বাস অলৌকিকতায়। কিন্তু এখন পর্যন্ত যা পরীক্ষা নিরীক্ষা হয়েছে তাতে তিনি পঙ্গু হয়ে গেছেন বলে মনে করা হচ্ছে। গুলিতে তার মেরুদণ্ড মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। জেইকব ব্লেক জুনিয়রের হাঁটতে এখন অলৌকিক কিছুই লাগবে,” বলেছেন তিনি।
