২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গ্যাস পাইপলাইনে ‘সন্ত্রাসী হামলায়’ বিদ্যুৎবিচ্ছিন্ন সিরিয়া

সিরিয়ার মূল আরব গ্যাস পাইপলাইনে বড় ধরনের বিস্ফোরণে গোটা দেশ হয়ে পড়েছে বিদ্যুৎবিচ্ছিন্ন। সিরিয়া সরকার বলছে, এ বিস্ফোরণ ‘সন্ত্রাসী হামলা’।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 24 Aug 2020, 08:03 PM

Updated : 08 Apr 2022, 01:15 AM

এ হামলা জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) এর কাজ বলে সন্দেহ করছে যুক্তরাষ্ট্র।

সোমবার সিরিয়ার রাজধানী দামেস্কর দক্ষিণ-পশ্চিমে আদ দুমার এবং আদ্রা’র মধ্যকার আরব গ্যাস পাইপলাইনে ওই বিস্ফোরণ ঘটে। এতে বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়ে দেশ। তবে ধীরে ধীরে আবার বিদ্যুৎ সংযোগ ফেরানো হচ্ছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

সিরিয়ার পেট্রোলিয়াম ও খনিজ সম্পদ বিষয়ক মন্ত্রী আলি গানেম বলেছেন, “বিষয়টি বিচার-বিশ্লেষণ করে দেখা গেছে, বিস্ফোরণ সন্ত্রাসী হামলার ফলেই ঘটেছে।”   এ ব্যাপারে তিনি বিস্তারিত আর কিছু বলেননি বলে জানিয়েছে রাষ্ট্রীয় সানা সংবাদ সংস্থা।

জেনেভায় সিরিয়ায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত জেমস জেফরি বলেছেন, সিরিয়ার মরুভূমিতে আইএস এর তৎপরতা বেড়েছে। ২০১৯ সালের মার্চে আইএস সিরিয়ায় তাদের সর্বশেষ অঞ্চল খোয়ালেও কিছু কিছু জায়গায় তাদের উপস্থিতি রয়ে গেছে।

সাংবাদিকদের জেফরি বলেন,  “ আমরা বিস্ফোরণের ঘটনা খতিয়ে দেখছি। তবে এটি যে আইএস এর হামলা তা একরকম নিশ্চিত।”

সিরিয়ার এই আরব গ্যাস পাইপলাইন চলে গেছে মিশর থেকে জর্ডানের ভেতর দিয়েও। সিরিয়ার রাষ্ট্রীয় আল ইকবারিয়া টিভি চ্যানেল পাইপলাইনটিতে বিস্ফোরণের পর আগুনের বিশাল কুন্ডলীর ফুটেজ প্রচার করেছে। পরে এ আগুন নেভানো হয় বলেও জানিয়েছে তারা।