করোনাভাইরাস: দক্ষিণ কোরিয়াজুড়ে বিধিনিষেধ, গির্জা ঘিরে বাড়ছে ক্ষোভ
কয়েকমাস আগেও বিশ্বে যে দেশটি কোভিড-১৯ সংক্রমণ কঠোর নিয়ন্ত্রণে রাখতে পেরেছিল বলে প্রতীয়মান হয়েছে, সেই দক্ষিণ কোরিয়াই এখন দৈনিক রেকর্ড ভাইরাস সংক্রমণ নিয়ে উদ্বিগ্ন সময় পার করছে।
সম্প্রতি রাজধানী সিউলের একটি গির্জার জমায়েত থেকে ভাইরাস সংক্রমণ ছড়িয়ে গিয়ে তা ব্যাপক আকার ধারণ করায় গির্জা ঘিরে বাড়ছে জনরোষ।
করোনাভাইরাস পরিস্থিতির দ্রুতই অবনতি ঘটছে বলে সতর্ক করেছেন স্বাস্থ্য কর্মকর্তারা। দেশজুড়ে কেবল জেজু দ্বীপ ছাড়া আর প্রতিটি প্রদেশেই সংক্রমণ ছড়িয়ে পড়েছে।
সংক্রমণের এই ঢেউ আরও বিপর্যয় ডেকে আনতে পারে বলে কর্মকর্তারা উদ্বিগ্ন। তাই সংক্রমণ ঠেকাতে দেশজুড়ে আরোপ করা হয়েছে সামাজিক দূরত্ববিধিসহ আরও নানা বিধিনিষেধ।
আগে কেবল রাজধানী সিউলে বিধিনিষেধ থাকলেও এবার তা বাদবাকী দেশজুড়েও বহাল করা হয়েছে করোনাভাইরাস সংক্রমণ বেড়ে যাওয়ার কারণে।
বিবিসি জানায়, রোববার থেকে উপাসনালয়গুলোতে বড় ধরনের জমায়েত নিষিদ্ধ করা হয়েছে। বন্ধ থাকবে নাইট ক্লাব, বুফে রেস্তোরাঁ এবং সাইবার ক্যাফে। বন্ধ থাকবে সমুদ্র সৈকতগুলোও।
রোববার দক্ষিণ কোরিয়া গত মার্চের পর একদিনে সর্বোচ্চ রোগী শনাক্ত হওয়ার খবর জানিয়েছে। গত ২৪ ঘন্টায় নতুন ভাইরাস শনাক্ত হয়েছে ৩৯৭ জনের।
টানা এক সপ্তাহের বেশি সময় ধরে দেশটিতে এমন তিন সংখ্যায় সংক্রমণ বাড়তে দেখা যাচ্ছে।বেশির ভাগই সংক্রমিত হয়েছে সিউলে।
গত সপ্তাহে দক্ষিণ কোরিয়ায় পাঁচমাস পর সর্বোচ্চ সংখ্যক ভাইরাস আক্রান্ত শনাক্ত হয়েছিল। দৈনিক রেকর্ড রোগী শনাক্ত হওয়ার মধ্যে কেবল সারাং জেইল গির্জার এক জমায়েত থেকেই ৮শ’ মানুষের ভাইরাস শনাক্ত হয়
দক্ষিণ কোরিয়ায় এর আগে গত ফেব্রুয়ারিতেও দায়েগু শহরে শিনচেওনজি গির্জা থেকে সংক্রমণ ছড়িয়েছিল। সে সময় শহরটিতে দিনেই সর্বোচ্চ একহাজার মানুষের ভাইরাস শনাক্ত হয়েছিল।
কিন্তু গতবারের তুলনায় এবারকার গির্জা থেকে সংক্রমণ ছড়ানোর তফাৎ হচ্ছে, এবার দক্ষিণ কোরিয়াজুড়ে কেবল জেজু দ্বীপ বাদে প্রতিটি প্রদেশেই ভাইরাস ছড়িয়ে গেছে। তাছাড়া, এবারের সংক্রমণ ছড়ানোর ঘটনাটি রাজনৈতিক দিক থেকেও সমস্যা তৈরি করেছে।
সারাং জেইল গির্জার অনুসারীরা মনে করেন, দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জে-ইনের বিরুদ্ধে সব বিরোধিতার অবসান ঘটাতে ইচ্ছাকৃতভাবে গির্জার সমাবেশে ভাইরাস ছড়ানো হয়েছে। অনেকে আবার উত্তর কোরিয়া ইচ্ছাকৃতভাবে ভাইরাস সংক্রমণ ঘটিয়েছে বলেও মনে করছে।
যদিও দক্ষিণ কোরিয়ার স্বাস্থ্য কর্মকর্তারা তাদেরকে আপ্রাণ বোঝানোর চেষ্টা করছেন যে, এখানে কোনও চক্রান্ত নেই। সাধারণ কারণেই গির্জার সদস্যদের সংক্রমণ পরীক্ষা করার প্রয়োজন পড়ছে।
কন্টাক্ট ট্রেসিংয়ের জন্য শুক্রবার পুলিশ গির্জার সব সদস্যর তালিকাও নিয়েছে। এরই মধ্যে দেশজুড়ে আরোপ হয়েছে নতুন সামাজিক দূরত্ব বিধি। সব মিলিয়ে সারাং জেইল গির্জা ঘিরে জনরোষ বাড়ছে।
