২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দক্ষিণ কোরিয়ায় ভয়াবহ রূপ নিচ্ছে করোনাভাইরাস

দক্ষিণ কোরিয়ায় ফের ভয়াবহ রূপ নিচ্ছে করোনাভাইরাস পরিস্থিতি। গত মার্চের পর দেশটিতে সবচেয়ে বড় করোনাভাইরাস সংক্রমণ ঘটেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Aug 2020, 05:37 PM

Updated : 08 Apr 2022, 01:14 AM

বিবিসি জানায়, শুক্রবার একদিনে দেশটিতে নতুন শনাক্ত হয়েছে ৩২৪ জন। মার্চের পর দক্ষিণ কোরিয়ায় একদিনে এটিই সর্বোচ্চ ভাইরাস সংক্রমণ। আক্রান্তদের বেশিরভাগই সংক্রমিত হয়েছে গির্জা থেকে।

গত সপ্তাহে দক্ষিণ কোরিয়ায় পাঁচমাস পর সর্বোচ্চ সংখ্যক ভাইরাস আক্রান্ত শনাক্ত হয়েছিল। দৈনিক রেকর্ড রোগী শনাক্ত হওয়ার মধ্যে সারাং জেইল গির্জার জমায়েত থেকে ৩শ’রও বেশি মানুষের ভাইরাস শনাক্ত হয়।

গির্জা থেকে ছড়িয়ে পড়া এ সংক্রমণই দক্ষিণ কোরিয়ায় প্রায় ছ’মাসের মধ্যে সবচেয়ে বড় ভাইরাস সংক্রমণের ঘটনা। গির্জার যাজক করোনাভাইরাসের বিধিনিষেধ উপেক্ষা করে রাজধানী সিউলে একটি সমাবেশে অংশ নেওয়ার পর সেখান থেকে সংক্রমণ ছড়িয়ে পড়ে।

ভাইরাসের বিস্তার ঠেকাতে দক্ষিণ কোরিয়া কড়া সামাজিক দূরত্ব বিধি আরোপ করাসহ অন্যান্য আরও নিয়ম চালু করেছে। কিন্তু গির্জার সদস্যরা অনেকেই সেইসব বিধি না মানাটাও সংক্রমণ ছড়িয়ে পড়ার একটি কারণ।

নতুন আত্রান্তদের অধিকাংশই সারাং জেইল গির্জার জমায়েত থেকে সংক্রমিত হয়েছেন। এ ভাইরাসকে নিয়ন্ত্রণ করা যে কঠিন তা-ই স্মরণ করিয়ে দিয়েছে এ ঘটনা। বিশ্বের অনেক দেশকেই এখন করোনাভাইরাসের দ্বিতীয় ধাক্কা মোকাবেলা করতে হচ্ছে।

দক্ষিণ কোরিয়া প্রথমদিকে বিশ্বে করোনাভাইরাস সামাল দেওয়ায় সফল দেশগুলোর মধ্যে স্থান করে নিয়েছিল। লাগাতার এমন করোনাভাইরাস সংক্রমণের উর্ধ্বগতির সঙ্গে লড়াই দেশটিকে এর আগে আর কখনও করতে হয়নি।

আর এখন সিউলের আশেপাশে ভাইরাস সংক্রমণের যে উর্ধ্বগতি দেখা যাচ্ছে, তাতে আরও ব্যাপকভাবে তা ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। শুক্রবার আক্রান্ত ৩২৪ জন নিয়ে দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৬,৬৭০ জনে।

‘কোরিয়া সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল এন্ড প্রিভেনশন’ ( কেসিডিসি) পরিচালক জেয়ং ইয়ুন-কেয়ং বলেছেন, “আমরা এমন এক সংকটের মুখে রয়েছি যে, ভাইরাস ছড়িয়ে পড়া নিয়ন্ত্রণে আনা না গেলে সংক্রমণ আরও দ্রুতগতিতে বাড়তে থাকবে। যার ফলে আমাদের চিকিৎসা ব্যবস্থা ভেঙে পড়তে পারে এবং বিরাট অর্থনৈতিক ক্ষতি হতে পারে।”