২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চীন-দক্ষিণ কোরিয়ার শীর্ষ পর্যায়ের বৈঠক

কোভিড-১৯ মহামারী শুরু হওয়ার পর থেকে প্রথমবারের মতো বেইজিংয়ের একজন উচ্চপদস্থ কর্মকর্তা দক্ষিণ কোরিয়া সফর করেছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2020, 09:17 PM

Updated : 08 Apr 2022, 01:14 AM

দক্ষিণ কোরিয়া শনিবার জানিয়েছে, তারা চীনের শীর্ষ কূটনীতিকের সঙ্গে বাণিজ্য, পারমাণবিক নিরস্ত্রীকরণ ও করোনাভাইরাস মোকাবেলা নিয়ে কথা বলেছে।

দক্ষিণ কোরিয়ার সরকার জানায়, চীনের কমিউনিস্ট পার্টির পলিটব্যুরো সদস্য ইয়াং জেইচি দক্ষিণ কোরিয়ার নতুন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সু হুনের সঙ্গে দক্ষিণাঞ্চলীয় বন্দর শহর বুসানে সাক্ষাৎ করেছেন।

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের দপ্তর ব্লু হাউসের মুখপাত্র কাং মিন সেওক এক বিবৃতিতে জানিয়েছেন, দুই পক্ষ মুক্ত বাণিজ্য চুক্তি আলোচনার গতি বাড়ানো, সাংস্কৃতিক বিনিময়ের পরিধি বিস্তৃত করা ইত্যাদি বিষয়ের পাশাপাশি বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) মহাপরিচালক পদে নির্বাচন নিয়েও আলোচনা করেছে।

কাং জানান, চলমান যুক্তরাষ্ট্র-চীন সম্পর্কের প্রেক্ষিতে চীনের অবস্থান তুলে ধরেন ইয়াং, অপরদিকে সু উত্তরপূর্ব এশিয়ার শান্তি ও সমৃদ্ধির জন্য যুক্তরাষ্ট্র-চীনের সহযোগিতামূলক সম্পর্কের গুরুত্বের ওপর জোর দেন।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, কোভিড-১৯ মহামারী শুরুর পর থেকে এই দুই দেশের দ্বিপাক্ষিক বিনিময় হ্রাস পেয়েছিল এবং উত্তর কোরিয়াকে নিয়ে শুরু করা পারমাণবিক নিরস্ত্রীকরণ আলোচনা স্থবির হয়ে পড়েছিল।

জুলাইতে সিউল দ্বিপাক্ষিক অর্থনৈতিক বৈঠকের জন্য একজন উচ্চ পর্যায়ের কূটনীতিক পাঠানোর পর দুই দেশ আবারও মতবিনিময় শুরু করে।

দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা প্রধান হিসেবে দায়িত্বপালনের পর গত মাসে দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দায়িত্ব নেওয়া সু চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সম্ভাব্য সিউল সফর নিয়েও আলোচনা করেন।

কাং জানান, কোভিড-১৯ পরিস্থিতি স্থিতিশীল হওয়ার পরপরই শিয়ের দক্ষিণ কোরিয়া সফর আয়োজনের বিষয়ে দুই দেশ সম্মত হয়েছে। তিনি আরও জানিয়েছেন, প্রেসিডেন্ট শিয়ের সফরের ক্ষেত্রে দক্ষিণ কোরিয়া অগ্রাধিকার পাবে, এমনটি বলেছে চীন।

ইয়াং জানিয়েছেন, কোরীয় উপদ্বীপে শান্তি ও পারমাণবিক নিরস্ত্রীকরণ অর্জনের জন্য চীন দক্ষিণ কোরিয়ার সঙ্গে আলোচনা চালিয়ে যাবে এবং সহযোগিতা অব্যাহত রাখবে।

দুই পক্ষ চলতি বছরের মধ্যেই দক্ষিণ কোরিয়া-চীন-জাপান সম্মেলন আয়োজনের প্রয়োজনীয়তার বিষয়েও একমত হয়েছে।    

ইয়াং শুক্রবার দক্ষিণ কোরিয়ায় গিয়েছেন এবং শনিবার দেশটি ত্যাগ করবেন বলে সরকারি বিবৃতিতে বলা হয়েছে।